নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে পরিবার, অভিভাবক ও সমাজের সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করতে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম পর্যন্ত সব ক্ষেত্রে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
সোমবার (১২ অক্টোবর) সকালে শিশু একাডেমিতে আন্তর্জাতিক ও জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন রাষ্ট্রপতি।
তিনি বলেন, কন্যাশিশুর জন্ম কোনো বোঝা নয়; বরং তা অফুরন্ত সম্ভাবনার সূচনা। তাদের নিরাপদে বেড়ে ওঠা এবং নিজেদের সম্ভাবনা বিকাশের সুযোগ তৈরি করা সবার দায়িত্ব।
রাষ্ট্রপতি বলেন, বিদ্যালয়ে যাতায়াতের পথ থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম—সব জায়গায় কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নারী ও শিশুর প্রতি সহিংসতা, ধর্ষণ ও যৌন হয়রানির ঘটনায় দ্রুত তদন্ত, কার্যকর বিচার এবং আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে। এসব অপরাধের বিরুদ্ধে সরকার শূন্য সহনশীলতার নীতি বাস্তবায়ন করবে বলেও জানান তিনি।
নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে পরিবার ও অভিভাবকদের দায়িত্বের বিষয়টি তুলে ধরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কুমিল্লার একটি ঘটনা থেকে অভিভাবকদের আরও সচেতন হওয়ার প্রয়োজনীয়তা স্পষ্ট হয়েছে। একটি মেয়ে তিন-চার দিন ধরে বাড়িতে নেই—এ অবস্থায় অভিভাবকদের আরও সতর্ক থাকা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
রাষ্ট্রপতি বলেন, কন্যাশিশুর ভবিষ্যৎ শুধু তার নিজের জীবনের সঙ্গে সম্পর্কিত নয়; এর সঙ্গে জড়িয়ে আছে একটি পরিবার, সমাজ ও দেশের অগ্রযাত্রা। তাই কন্যাশিশুর চলার পথ সহজ, নিরাপদ ও সম্ভাবনাময় করে তোলা একটি মানবিক সমাজের দায়িত্ব।