পূজার উৎসবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। পূজামণ্ডপে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে নাটোরের বাগাতিপাড়া উপজেলার পূজামণ্ডপে ডিও প্রদান এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
ফারজানা শারমিন পুতুল বলেন, পূজা সারা বাংলাদেশের উৎসব। হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টানদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। সবাই বাংলাদেশি হিসেবে পরিচিত হবেন এটাই সরকারের প্রত্যাশা। জনগণের কাছে দেওয়া অঙ্গীকার বাস্তবায়নে সরকার কাজ করছে।
তিনি আরও বলেন, অতীতে সরকারে না থাকলেও বিএনপি পূজার উৎসব সবার জন্য আনন্দময় করে তুলতে চেষ্টা করেছে। এবারও সরকারের পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে সরকারের পাশাপাশি দলেরও পরিকল্পনা রয়েছে।
এ সময় বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামসুল ইসলাম, লালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান বাবুসহ স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।