সৌদি আরবে বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট আগামী ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইনস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, স্থগিত হওয়া ফ্লাইটগুলোর যাত্রার সময়সূচি পরবর্তিতে জানাবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস কর্তৃপক্ষ।
তবে জরুরি প্রয়োজনে যাত্রীরা জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে যেতে এবং বাংলাদেশে ফেরত আসতে পারবেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যাত্রীদের চাহিদা বিবেচনায় মদিনা রুটে বোয়িং ৭৮৭ উড়োজাহাজের পরিবর্তে বোয়িং ৭৭৭ উড়োজাহাজ সংযোজন করা হয়েছে। এর ফলে প্রতি ফ্লাইটে ১৪৮টি আসন বেড়েছে। একই সঙ্গে জেদ্দা রুটে অতিরিক্ত তিনটি ফ্লাইট পরিচালনার ব্যবস্থা করা হয়েছে।
টিকিট ও ভ্রমণসংক্রান্ত প্রয়োজনীয় তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ বিমানের সেলস সেন্টারে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছে কর্তৃপক্ষ।