সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের ঘটনা প্রবাসীদের জন্য বড় শিক্ষা বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেছেন, প্রবাসে যে দেশেই থাকুন না কেন, বাংলাদেশিদের সেই দেশের আইন মেনে চলতে হবে।

শনিবার (১৭ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

শামা ওবায়েদ বলেন, সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা। এ সময় তিনি প্রবাসে অবস্থানরত বাংলাদেশিদের সংশ্লিষ্ট দেশের আইন মেনে চলার আহ্বান জানান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানতে পারেনি বাংলাদেশ সরকার। তবে এ বিষয়ে বিস্তারিত জানতে চেয়ে সৌদি কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে।

তিনি বলেন, অতীতের অভিজ্ঞতা থেকে বলা যায়, সৌদি আরবের নিজস্ব আইনি কাঠামো রয়েছে। সেই আইনি কাঠামো অনুযায়ী কেউ গুরুতর অপরাধ করলে অভিযুক্ত ব্যক্তিকে সংশ্লিষ্ট আইন অনুসারে সাজা দেওয়া হয়।

শামা ওবায়েদ আরও বলেন, সৌদি মিশনের শ্রম উইং থেকে পাঠানো বার্তায় জানানো হয়েছে, ওই দুই বাংলাদেশি মক্কা নগরীর একটি মসজিদের ভেতরে ব্যভিচারে লিপ্ত ছিলেন, যা সৌদি আইনে গুরুতর অপরাধ হিসেবে গণ্য। এ অপরাধের অভিযোগে দেশটির আইন অনুযায়ী আদালত ব্যবস্থা নিয়েছেন।

তবে এ বিষয়ে বাংলাদেশ সরকার এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য পায়নি বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। দুই বাংলাদেশির বিষয়ে বিস্তারিত জানতে এ কারণেই সৌদি কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে সরকার।