দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, কারণ জানতে সৌদি রাষ্ট্রদূতকে তলব

সৌদি আরবে দুই বাংলাদেশি প্রবাসীর মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় দেশটির রাষ্ট্রদূতকে তলব করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। রোববার (১৮ অক্টোবর) তাকে তলব করে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের কারণ, শিরশ্ছেদ এবং এ-সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে চাওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছিলেন, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে সরকার এখনো সৌদি আরবের কাছ থেকে আনুষ্ঠানিক কোনো তথ্য পায়নি। তবে এ বিষয়ে বিস্তারিত জানতে সৌদি আরবকে চিঠি দেওয়া হয়েছে। তিনি ঘটনাটিকে বাংলাদেশের জন্য বড় শিক্ষা বলেও মন্তব্য করেন।

শামা ওবায়েদ বলেন, সৌদি আরবে বাংলাদেশ মিশনের শ্রম উইং থেকে পাওয়া তথ্য অনুযায়ী, মক্কা নগরীর একটি মসজিদের ভেতরে ‘ব্যভিচারে’ লিপ্ত ছিলেন ওই দুই বাংলাদেশি। সৌদি আইনে এটিকে গুরুতর অপরাধ হিসেবে বিবেচনা করা হয়। এ কারণে দেশটির আদালত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে বলে জানা গেছে। তবে এ বিষয়ে বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানতে পারেনি।

প্রতিমন্ত্রী আরও বলেন, সৌদি আরবের জবাব পাওয়ার পর মৃত্যুদণ্ড কার্যকরের বিস্তারিত তথ্য জানা যাবে। একই সঙ্গে দুই বাংলাদেশির মরদেহ কীভাবে দেশে ফিরিয়ে আনা যায়, সে বিষয়েও সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে।

এর আগে গত বুধবার সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর নিশ্চিত করে। মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ওই দুই বাংলাদেশি হলেন নজরুল ইসলাম ও সুইটি আখতার।