‘এখন থেকে বাঁশের লাঠি দিয়ে মাদকের আস্তানা ধ্বংস করব’

এখন থেকে বাঁশের লাঠি দিয়ে মাদকের আস্তানা ধ্বংস করবেন বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।

রোববার (১৮ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।

পোস্টে প্রতিমন্ত্রী লেখেন, কিছু নামকরা গণমাধ্যমের আইনজীবী প্যানেলের মাধ্যমে আইনের ধারা স্পষ্টভাবে ব্যাখ্যা করানোর সামর্থ্য রয়েছে। তাঁর বিশ্বাস, তাঁরা সেই চর্চাও করেন। কিন্তু সব জেনে-বুঝেও গণমাধ্যমগুলোর খবর প্রকাশের ধরন দেখে তাঁর মনে হচ্ছে, ঘুঁটিঘরে মাদকের এক্সক্লুসিভ সরবরাহকারী ছিল তারা। এ কারণে তাঁর অভিযানের পর তারা বন্য পশুর মতো আচরণ করছে বলেও মন্তব্য করেন তিনি।

ইশরাক হোসেন আরও লেখেন, ‘ওয়েট অ্যান্ড সি।’ যেসব মাদকের আখড়া হয়তো এসব পত্রিকাকে অর্থায়ন করে, সেগুলো মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হবে।

নিজের ব্যক্তিগত নিরাপত্তার জন্য তাঁর বৈধ লাইসেন্স করা অস্ত্র ছিল বলেও পোস্টে উল্লেখ করেন প্রতিমন্ত্রী।

পোস্টের শেষাংশে তিনি লেখেন, এখন থেকে মাদকের আস্তানাগুলো বাঁশের লাঠি দিয়ে ধ্বংস করবেন। পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে এবং ম্যাজিস্ট্রেটের সামনে গ্রেপ্তার করে নিয়ে যাবে। ইনশাআল্লাহ, মাদকবিরোধী সংগ্রামের ১৬ কলা পূর্ণ করা হবে বলেও মন্তব্য করেন তিনি।