রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রকে বাংলাদেশের সামগ্রিক জ্বালানি নিরাপত্তা সুনিশ্চিত করার ক্ষেত্রে এক ঐতিহাসিক অগ্রগতি হিসেবে উল্লেখ করেছেন বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মো: আনোয়ার হোসেন।
তিনি জানান, বিদ্যুৎ সংকট নিরসনের পাশাপাশি এটি তরুণ প্রকৌশলী ও বিজ্ঞানীদের বৈশ্বিক মানদণ্ডে দক্ষ করে তুলতে সহায়ক ভূমিকা পালন করবে।
বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়েরা) আয়োজিত চার সপ্তাহব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনকালে তিনি সম্প্রতি এসব কথা বলেন।
সচিব জানান, রূপপুর প্রকল্পের প্রথম ‘ক্রিটিক্যালিটি’ অর্জন সম্পন্ন হয়েছে। শিগগিরই জাতীয় গ্রিডে যুক্ত হয়ে এই কেন্দ্রটি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি প্রযুক্তির পাশাপাশি জনবলের দক্ষতা ও সর্বোচ্চ নিরাপত্তা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। নিরাপদ পরিচালনায় সচেতনতা ও সঠিক প্রশিক্ষণ অপরিহার্য বলেও জানান তিনি।
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কর্মকর্তা ও প্রকৌশলীদের বৈশ্বিক পর্যায়ে রূপপুরের অবস্থান মজবুত করার আহ্বানও জানান তিনি।
অনুষ্ঠানে পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ড. মঈনুল ইসলাম এবং বায়েরা চেয়ারম্যান মাহমুদুল হাসান বক্তব্য রাখেন। তারা পারমাণবিক খাতের মানবসম্পদ উন্নয়নে সহযোগিতার জন্য আইএইএকে ধন্যবাদ জানান।
আইএইএ, বায়েরা ও বায়েকে’র যৌথমঞ্চে আয়োজিত ১২ নভেম্বর পর্যন্ত চলমান এই বেসিক প্রফেশনাল ট্রেনিং কোর্সে মোট ৪০ জন তরুণ বিজ্ঞানী ও প্রকৌশলী অংশ নিচ্ছেন।