পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী

দুর্গাপূজার নবমীতে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও পূজামণ্ডপ পরিদর্শনে তিন মহানগর সফরে বের হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল পৌনে ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে নীলফামারীর সৈয়দপুরের উদ্দেশে যাত্রা করেন তিনি। সেখান থেকে সড়কপথে রংপুরে গিয়ে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর প্রেসসচিব সালেহ শিবলী জানান, সকাল ১০টায় রংপুরের রাধা গোবিন্দ মন্দিরের ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শন এবং পুণ্যার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের কথা রয়েছে তারেক রহমানের।

রংপুরের কর্মসূচি শেষে সৈয়দপুর বিমানবন্দর থেকে রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। কর্মসূচি অনুযায়ী, দুপুর সোয়া ১টায় রাজশাহীর ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করবেন তিনি।

এরপর দুপুর সোয়া ২টায় রাজশাহী সার্কিট হাউসে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে কিছুক্ষণ যাত্রাবিরতি ও বিশ্রাম শেষে বিকেল ৩টায় নগরীর হাজী মুহাম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে তার।

রাজশাহীর কর্মসূচি শেষে বিকেল সোয়া ৪টায় শাহ মখদুম বিমানবন্দর থেকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করবেন তারেক রহমান। বিকেল সাড়ে ৫টায় চট্টগ্রাম বিমানবন্দর থেকে নগরীর রহমতগঞ্জের জেএম সেন হল পূজামণ্ডপে যাবেন তিনি। সেখানে পূজামণ্ডপ পরিদর্শন ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের কর্মসূচি রয়েছে।

দিনব্যাপী তিন মহানগরের কর্মসূচি শেষে মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।