তাহসিফের সঙ্গে থাকা সেই তরুণী গ্রেপ্তার, রিমান্ড চাইবে পুলিশ

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় দিশা (১৯) নামের এক তরুণীকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ। ওই তরুণী সাউরির কথিত বান্ধবী বলে জানা গেছে। এ ঘটনায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চাইবে পুলিশ।

রোববার (১ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন নৌ পুলিশ ঢাকা অঞ্চলের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন। 

এদিকে, টঙ্গী নৌ পুলিশের পরিদর্শক ফিরোজ আহমেদ জানান, শনিবার (৩১ অক্টোবর) রাতে দিশা নামের ওই তরুণীকে গ্রেপ্তার করা হয়। আর মধ্যরাত থেকে রিমান্ডে থাকা দীপকে জিজ্ঞাসাবাদ করছেন মামলার তদন্ত কর্মকর্তা।

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, তাহসিফের মৃত্যুর ঘটনায় পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে তার সার্বক্ষণিক সঙ্গী জুনিয়র বন্ধু দীপকে প্রথমে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ সময় তাহসিফের সঙ্গে বিভিন্ন স্থানে যাওয়া এবং সেসব স্থানে যাওয়ার কারণ সম্পর্কে তথ্য দেন দীপ।