কমনওয়েলথ বৈঠকে যোগ দিতে ঢাকা ছাড়লেন প্রতিমন্ত্রী

অ্যান্টিগুয়া ও বারবুডায় শুরু হতে যাওয়া কমনওয়েলথ সম্মেলনে অংশ নিতে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

তিনি পূর্ণ পররাষ্ট্রমন্ত্রীর মর্যাদায় বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন এই বৈঠকে।

১ থেকে ৪ নভেম্বর ক্যারিবীয় এই দ্বীপরাষ্ট্রে শীর্ষ সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে।

গত শনিবার সকালে তিনি সেন্ট জনসের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

দুবাই ও লন্ডন হয়ে রোববার তাঁর সম্মেলনস্থলে পৌঁছানোর কথা রয়েছে।

সম্মেলনের উদ্বোধনী ও নির্বাহী অধিবেশনে সক্রিয় অংশগ্রহণ করবেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

পাশাপাশি, বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বেশ কয়েকটি দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

উল্লেখ্য, গত ২৫ অক্টোবর মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে তাঁকে এই সফরের জন্য পূর্ণ মন্ত্রীর মর্যাদা দেওয়া হয়।

সফরকালে তিনি একজন ক্যাবিনেট মন্ত্রীর সমতুল্য সকল প্রটোকল ও সুযোগ-সুবিধা ভোগ করবেন।