নতুন ই-পাসপোর্ট করবেন যেভাবে: জেনে নিন পদ্ধতি

বিদেশ ভ্রমণ থেকে শুরু করে দাপ্তরিক কাজের জন্য ই-পাসপোর্ট একটি অতি প্রয়োজনীয় সরকারি নথি। বর্তমানে বাংলাদেশে আধুনিক প্রযুক্তির এই সেবা অত্যন্ত সহজ ও জনপ্রিয় হয়ে উঠেছে।

ঘরে বসেই নির্দিষ্ট নিয়ম মেনে অনলাইনে এখন খুব সহজে ই-পাসপোর্টের আবেদন করা সম্ভব। আবেদন থেকে শুরু করে পাসপোর্ট হাতে পাওয়া পর্যন্ত পুরো প্রক্রিয়াটি ধাপে ধাপে সম্পন্ন করতে হয়।

অনলাইনে ই-পাসপোর্ট আবেদনের নিয়ম

ই-পাসপোর্ট আবেদনের জন্য প্রথমেই ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর এর নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন ফরম পূরণ করতে হবে। সেখানে ব্যক্তিগত তথ্য, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা জন্মনিবন্ধনের তথ্যাদিসহ প্রয়োজনীয় বিবরণ প্রদান করতে হবে। অনলাইন আবেদনের সময় নিজের সুবিধাজনক তারিখে বায়োমেট্রিক প্রদানের দিন নির্বাচন করা যায়; তবে এটি নির্ধারিত দিনে আসন খালি থাকা সাপেক্ষে চূড়ান্ত হবে।

বয়সভেদে প্রয়োজনীয় নথি: ১৮ বছর বা তার বেশি বয়সিদের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এবং অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে জন্মনিবন্ধন সনদের তথ্য প্রদান করতে হবে।

আবেদন ফরম সংগ্রহ: অনলাইনে আবেদন জমা দেওয়ার পর পূরণকৃত ফরমটি প্রিন্ট করে সঙ্গে সংরক্ষণ করতে হবে।

পাসপোর্টের ফি জমাদান পদ্ধতি

অনলাইন আবেদন প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হওয়ার পর নির্ধারিত ব্যাংকে পাসপোর্টের ফি জমা দিতে হবে। ফি জমাদানের সময় প্রিন্ট করা আবেদনপত্র ও প্রয়োজনীয় পরিচয়পত্র সঙ্গে রাখা জরুরি।

যেসব ব্যাংকে ফি জমা দেওয়া যাবে

ওয়ান ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, সোনালী ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ব্যাংক এশিয়া, ইসলামী ব্যাংক ও ঢাকা ব্যাংকে ই-পাসপোর্টের নির্ধারিত ফি প্রদান করা যায়। টাকা জমা দেওয়ার পর ব্যাংকের রসিদ নম্বরটি আবেদনপত্রে যথাযথভাবে উল্লেখ করতে হবে।

ই-পাসপোর্টের ফি ও মেয়াদ

ই-পাসপোর্টের পৃষ্ঠা সংখ্যা, মেয়াদের ব্যাপ্তি এবং আবেদনের ধরনের ওপর ভিত্তি করে ফি নির্ধারণ করা হয়েছে:

৪৮ পৃষ্ঠার ই-পাসপোর্ট ফি

৫ বছর মেয়াদ: সাধারণ ফি ৪,০২৫ টাকা, এক্সপ্রেস ফি ৬,৩২৫ টাকা এবং সুপার এক্সপ্রেস ফি ৮,৬২৫ টাকা।

১০ বছর মেয়াদ: সাধারণ ফি ৫,৭৫০ টাকা, এক্সপ্রেস ফি ৮,৫০ টাকা এবং সুপার এক্সপ্রেস ফি ১০,৩৫০ টাকা।

৬৪ পৃষ্ঠার ই-পাসপোর্ট ফি

৫ বছর মেয়াদ: সাধারণ ফি ৬,৩২৫ টাকা, এক্সপ্রেস ফি ৮,৬২৫ টাকা এবং সুপার এক্সপ্রেস ফি ১২,০৭৫ টাকা।

১০ বছর মেয়াদ: সাধারণ ফি ৮,৫০ টাকা, এক্সপ্রেস ফি ১০,৩৫০ টাকা এবং সুপার এক্সপ্রেস ফি ১৩,৮০০ টাকা।

ছবি তোলা ও বায়োমেট্রিক তথ্য প্রদান

অনলাইনে নির্বাচিত নির্দিষ্ট দিনে নির্ধারিত আঞ্চলিক পাসপোর্ট অফিসে আবেদনপত্র, এনআইডি বা জন্মনিবন্ধন এবং পেশাগত পরিচয়পত্রসহ উপস্থিত হতে হবে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা আবেদনপত্র যাচাই-বাছাই করার পর আবেদনকারীর ছবি তোলা, ১০ আঙুলের ছাপ, চোখের আইরিশ স্ক্যান এবং ডিজিটাল স্বাক্ষর গ্রহণ করবেন।

ছবি তোলার ক্ষেত্রে লক্ষণীয় বিষয়সমূহ

ছবি তোলার দিন রঙিন পোশাক পরিধান করতে হবে।

মুখে মেকআপ, কপালে টিপ কিংবা চোখের স্বাভাবিক বৈশিষ্ট্য পরিবর্তন করে এমন কোনো উপাদান ব্যবহার করা যাবে না।

ছবি ও বায়োমেট্রিক দেওয়ার সময় আবেদনপত্রের মূল তথ্যগুলো পুনরায় ভালোভাবে যাচাই করে নিতে হবে। কোনো ভুল পরিলক্ষিত হলে তৎক্ষণাৎ তা সংশোধনের জন্য জানাতে হবে।

বায়োমেট্রিক প্রক্রিয়া সম্পন্ন হলে আবেদনকারীকে একটি ডেলিভারি রসিদ বা স্লিপ দেওয়া হবে। পরবর্তীতে ওই রসিদে উল্লিখিত তারিখ অনুযায়ী পাসপোর্ট সংগ্রহ করতে হবে।

পুলিশ ভেরিফিকেশন প্রক্রিয়া

প্রথমবার পাসপোর্টের আবেদনের ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন করা বাধ্যতামূলক। তবে সাধারণ রি-ইস্যুর ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশনের প্রয়োজন হয় না। কেবল বাবার নাম, স্থায়ী ঠিকানা বা বৈবাহিক অবস্থার মতো মৌলিক ও গুরুত্বপূর্ণ তথ্য পরিবর্তন করে রি-ইস্যু আবেদন করা হলে পুনরায় পুলিশ ভেরিফিকেশনের প্রয়োজন হতে পারে।

নিজ এলাকার আঞ্চলিক পাসপোর্ট অফিসে আবেদন

ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর আবেদনকারীদের স্ব-স্ব এলাকার নির্ধারিত আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে আবেদন সম্পন্ন করার পরামর্শ দিচ্ছে। এর ফলে ঢাকার আগারগাঁওসহ প্রধান পাসপোর্ট অফিসগুলোর ওপর অতিরিক্ত জনসংখ্যার চাপ কমবে এবং সামগ্রিক আবেদন ব্যবস্থাপনা ও সেবা প্রদান প্রক্রিয়া আরও সুশৃঙ্খল হবে।