যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার ডি হাস বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। শুক্রবার (১৩ নভেম্বর) রাত ৩টার দিকে তিনি ঢাকার লা মেরিডিয়ান হোটেলে ওঠেন। সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, আগামী ১৯ নভেম্বর বিকেল পর্যন্ত বাংলাদেশে থাকবেন তিনি।
বাংলাদেশে প্রায় তিন বছর মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্ব পালনের পর ২০২৪ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে স্বেচ্ছায় অবসর নেন পিটার হাস। এরপর তিনি যুক্তরাষ্ট্রের বেসরকারি জ্বালানি প্রতিষ্ঠান অ্যাকসিলারেট এনার্জিতে যোগ দেন। বর্তমানে প্রতিষ্ঠানটির বাংলাদেশ-সংক্রান্ত কার্যক্রমে প্রধান হিসেবে কৌশলগত উপদেষ্টার দায়িত্ব পালন করছেন তিনি। তবে তার এবারের ঢাকা সফরের উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। সফরটি ব্যবসায়িক কাজে, না-কি অন্য কোনো কারণে, তা স্পষ্ট নয়।
বাংলাদেশের জ্বালানি খাতে অ্যাকসিলারেট এনার্জির গুরুত্বপূর্ণ ব্যবসায়িক সংশ্লিষ্টতা রয়েছে। প্রতিষ্ঠানটি দেশে দুটি ভাসমান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনালের ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত। এর একটি প্রতিষ্ঠানটির নিজস্ব মালিকানাধীন, অন্যটি সামিট গ্রুপের কাছ থেকে ভাড়া নেওয়া। এছাড়া ২০২৬ সালের শুরু থেকে প্রতিষ্ঠানটির কাছ থেকে এলএনজি কেনার চুক্তিও রয়েছে সরকারের।
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানোর উদ্যোগের অংশ হিসেবে জ্বালানি আমদানির একটি দীর্ঘমেয়াদি চুক্তি করেছে বাংলাদেশ। ওই চুক্তির আওতায় অ্যাকসিলারেট এনার্জি আগামী ১৫ বছরে ধাপে ধাপে বাংলাদেশে প্রায় এক লাখ কোটি টাকার এলএনজি সরবরাহ করবে বলে উল্লেখ করা হয়েছে।
বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের ওপর গুরুত্ব দিয়ে আসছিলেন পিটার হাস। এ বিষয়ে তিনি নির্বাচন কমিশন, সুশীল সমাজ, তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক করেন।
তার এসব তৎপরতা নিয়ে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে সমালোচনা করা হয়। সরকারের বিভিন্ন পর্যায় থেকে তার কর্মকাণ্ডকে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপের শামিল বলেও অভিযোগ তোলা হয়েছিল। অন্যদিকে, বিএনপি ও জামায়াতসহ বিরোধী দলগুলোর নেতাদের সঙ্গে তার যোগাযোগ ও বৈঠক রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দেয়।
২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর পিটার হাস মন্তব্য করেছিলেন, নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হয়নি। দীর্ঘদিন পর তার বাংলাদেশ সফর এমন এক সময়ে হচ্ছে, যখন দেশের জ্বালানি খাতে মার্কিন প্রতিষ্ঠানের ব্যবসায়িক সংশ্লিষ্টতা রয়েছে। তবে সফরের সঙ্গে জ্বালানি চুক্তি, ব্যবসায়িক আলোচনা কিংবা রাজনৈতিক কোনো যোগাযোগের সম্পর্ক রয়েছে কি-না, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।