তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আজ সোমবার (১৬ নভেম্বর) আবারও বৈঠকে বসছে মজুরি বোর্ড। রাজধানীর সেগুনবাগিচায় ন্যূনতম মজুরি বোর্ডের কার্যালয়ে সকাল ১১টায় এ সভা শুরু হওয়ার কথা রয়েছে।
সপ্তম ন্যূনতম মজুরি বোর্ডের এটি তৃতীয় বৈঠক। আগের সভায় শ্রমিকপক্ষ ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দিলেও নিজেদের প্রস্তাব জমা দিতে সময় চেয়েছিলেন মালিকপক্ষের প্রতিনিধিরা। আজকের বৈঠকে তাঁদের লিখিত প্রস্তাব জমা দেওয়ার কথা রয়েছে।
গত ৯ নভেম্বর অনুষ্ঠিত দ্বিতীয় বৈঠকে বর্তমান বাজারদর ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় শ্রমিকপক্ষ সর্বনিম্ন ৩২ হাজার টাকা মজুরির প্রস্তাব দেয়। তবে সেদিন মালিকপক্ষ তাৎক্ষণিক কোনো প্রস্তাব না দিয়ে নিজেদের মধ্যে আলোচনার জন্য সময় চায়। পরে বোর্ড তাদের চার কার্যদিবস সময় দেয়।
মজুরি প্রস্তাব চূড়ান্ত করতে গতকাল সন্ধ্যায় তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর নেতারা নিজেদের মধ্যে বৈঠক করেন।
২০২৩ সালের নভেম্বরে পোশাকশ্রমিকদের সর্বশেষ ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছিল ১২ হাজার ৫০০ টাকা। নতুন মজুরি কাঠামো আগামী ডিসেম্বর থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।