বৃহস্পতিবার লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামী ১৯ নভেম্বর (বৃহস্পতিবার) লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর সফরকে ঘিরে জেলা শহর ও আশপাশের এলাকায় প্রস্তুতি চলছে। প্রধানমন্ত্রীর কাছে জেলার উন্নয়ন নিয়ে নানা প্রত্যাশার কথা জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।

সফর উপলক্ষে জেলা শহরের মিশন মোড়সহ বিভিন্ন সড়ক সাজানো হচ্ছে। সড়কের পাশে নতুন করে রং করা হচ্ছে এবং আইল্যান্ডগুলোও সাজানো হচ্ছে। অন্যদিকে কালেক্টরেট মাঠে তৈরি করা হচ্ছে বিশাল প্যান্ডেল। প্রধানমন্ত্রীর জনসভা ও অন্যান্য কর্মসূচি ঘিরে ব্যস্ত সময় পার করছেন আয়োজকেরা।

দীর্ঘ ২১ বছর পর প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের এই সফর লালমনিরহাটবাসীর জন্য গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

সফরসূচি অনুযায়ী, ১৯ নভেম্বর সকালে লালমনিরহাটে পৌঁছে প্রধানমন্ত্রী প্রথমে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শন করবেন। এরপর মহেন্দ্রনগরে পানি নিষ্কাশন মডেল খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। পরে একটি জনসভায় যোগ দেবেন তিনি।

দিনের শেষ কর্মসূচিতে জেলা শহরের কালেক্টরেট মাঠে ‘আলোকিত লালমনিরহাট’ অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।