কুলাউড়া সীমান্তে তিন বছরে বিএসএফের গুলিতে নিহত ৭

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী তিনটি ইউনিয়নে দিন দিন বেপরোয়া হয়ে উঠেছে চোরাচালান সিন্ডিকেট। চক্রের আর্থিক প্রলোভনের ফাঁদে পা দিয়ে অবৈধ উপায়ে পণ্য আনতে গিয়ে সীমান্তে একের পর এক ঝরে যাচ্ছে তরতাজা প্রাণ। গত তিন বছরে কুলাউড়া সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে ৬ জন বাংলাদেশি নাগরিকের প্রাণহানির তথ্য পাওয়া গেছে।

এর বাইরে লালারচক সীমান্ত পয়েন্ট দিয়ে ভারতে অবস্থানরত ভাইকে দেখতে যাওয়ার সময় বিএসএফের গুলিতে মর্মান্তিক মৃত্যুর শিকার হন ১৬ বছরের কিশোরী স্বর্ণা দাস।

অন্যদিকে, ভিন্ন একটি ঘটনায় চোরাচালানের অভ্যন্তরীণ দ্বন্দ্বে শরীফপুর ইউনিয়নে স্থানীয় একটি চক্রের নির্মম হত্যাকাণ্ডের শিকার হন জাবেল মিয়া (২৬) নামের এক যুবক।

ঝুঁকিতে ৩০ গ্রাম ও আইনের ফাঁকফোকর

স্থানীয় সূত্র জানায়, কুলাউড়ার কর্মধা, পৃথিমপাশা ও শরীফপুর ইউনিয়নের প্রায় ৩০টি গ্রাম একেবারে সীমান্তঘেঁষা হওয়ায় ওই অঞ্চলে চোরাচালানের তৎপরতা সবচেয়ে বেশি।

বাংলাদেশি ও ভারতীয় চোরাকারবারিদের সিন্ডিকেট যৌথভাবে মাদকসহ বিভিন্ন অবৈধ পণ্য দেশের ভেতরে প্রবেশ করাচ্ছে। দুর্গম পাহাড়ি পথ, ঘন জঙ্গল এবং বিস্তীর্ণ সীমান্ত এলাকার সুবিধা নিয়ে অপরাধীরা তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।

সীমিত জনবল ও নানা প্রতিকূলতা সত্ত্বেও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযানের মাধ্যমে চোরাচালান দমনে কাজ করে যাচ্ছে। নিয়মিত উদ্ধার হচ্ছে চোরাই পণ্য, আটকও হচ্ছে অনেকে। তবে বিদ্যমান আইনি দুর্বলতার সুযোগে জামিনে বেরিয়ে আসামিরা আবারও একই অপরাধে জড়িয়ে পড়ছে।

ফলে মূলহোতারা পর্দার আড়ালে থেকে লোভের টোপ দিয়ে তরুণ সমাজকে ঠেলে দিচ্ছে চরম ঝুঁকিতে, যা সীমান্তে মৃত্যুর মিছিল দীর্ঘ করছে।

বিএসএফের গুলিতে প্রাণহানির কালপঞ্জি

অনুসন্ধানে জানা যায়, গত তিন বছরে কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ব্যক্তিদের বিবরণ নিচে তুলে ধরা হলো:

  • ফেরদৌস আহমদ (১৪): ২০২৩ সালের ২ অক্টোবর বিকেলে শরীফপুরের লালারচক সীমান্তে বিএসএফের গুলিতে আহত হন স্থানীয় মরহুম মাহমুদ আলীর ছেলে ফেরদৌস। দু'দিন পর সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
  • পারভেজ হোসেন সাদ্দাম (১৫): ২০২৪ সালের ১৭ মার্চ পৃথিমপাশার শিকড়িয়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হন কর্মধার মুরইছড়া বস্তির আছকির মিয়ার ছেলে সাদ্দাম।
  • স্বর্ণা রাণী দাস (১৬): ২০২৪ সালের ১ সেপ্টেম্বর রাতে শরীফপুরের লালারচক সীমান্ত দিয়ে ভারতে ভাইয়ের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় কাঁটাতারের কাছে বিএসএফের গুলিতে প্রাণ হারান অষ্টম শ্রেণির শিক্ষার্থী স্বর্ণা। তিনি জুড়ীর কালনীগড় গ্রামের পরেন্দ্র চন্দ্র দাসের মেয়ে।
  • প্রদীপ বৈদ্য (২২): ২০২৫ সালের ৩১ মে গভীর রাতে শরীফপুরের দত্তগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হন স্থানীয় শৈলেন্দ্র বৈদ্যর ছেলে প্রদীপ।
  • সুকিরাম উড়াং (২৫): ২০২৫ সালের ৪ ডিসেম্বর কর্মধা সীমান্ত এলাকায় কৃষিজমিতে কাজ করার সময় বিএসএফের গুলিতে নিহত হন মুরইছড়া চা-বাগান বস্তির দাসনু উরাংয়ের ছেলে সুকিরাম।
  • মুজিবুর রহমান মুজিব (৩০): ২০২৬ সালের ১২ জুন শরীফপুরের দত্তগ্রাম সীমান্তের বিপরীতে ভারতের ভেতরে বিএসএফের গুলিতে প্রাণ হারান স্থানীয় মরহুম অজিবুর রহমানের ছেলে মুজিব।
  • তারা মিয়া (১৯): গত বছরের ৮ আগস্ট রাতে পৃথিমপাশার বিপরীতে ভারতের অভ্যন্তরে মাগুরুলি এলাকায় বিএসএফের গুলিতে নিহত হন মুরইছড়া বস্তির আব্দুল মালেকের ছেলে তারা মিয়া।

চোরাচালান দ্বন্দ্বে অভ্যন্তরীণ খুন

সীমান্তে বিএসএফের গুলির পাশাপাশি চোরাকারবারিদের অভ্যন্তরীণ কোন্দলেও প্রাণহানির ঘটনা ঘটছে। ২০২৫ সালের ১ মার্চ সন্ধ্যায় শরীফপুরের নিশ্চিন্তপুর গ্রামে পূর্ববিরোধের জেরে জাবেল মিয়া নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়।

এর আগে ২৭ ফেব্রুয়ারি চোরাচালানের ভাগবাটোয়ারা নিয়ে দ্বন্দ্বে স্থানীয় কয়েকজন চিহ্নিত চোরাকারবারির নেতৃত্বে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়ে জাবেলকে মারাত্মক জখম করা হয়। এ ঘটনায় নিহতের বাবা রহমত আলী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

অপরাধ চক্রের কৌশল ও চিহ্নিত সিন্ডিকেট

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় সূত্র জানায়, কুলাউড়ার ওই তিন ইউনিয়নের বিভিন্ন পয়েন্ট দিয়ে ফেনসিডিল, ইয়াবা, গাঁজা, ভারতীয় গরু, নাসির বিড়ি ও বিদেশি সিগারেট পাচার হয়ে আসছে। বিএসএফের ডিউটি পরিবর্তনের সময়টাতে কাঁটাতারের ওপর কাঠ ও মই ব্যবহার করে অত্যন্ত সুকৌশলে এপার-ওপার করা হয়।

সীমান্তভিত্তিক এসব অপরাধ ও মাদকের সঙ্গে জড়িত কুলাউড়ার একটি বড় সিন্ডিকেটের নাম উঠে এসেছে। এই চক্রের তৎপরতা বন্ধে প্রশাসনের বিভিন্ন স্তরে নজরদারি রয়েছে।

প্রশাসনের বক্তব্য

৪৬ বিজিবি শ্রীমঙ্গল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, সীমান্তের নিরাপত্তা এবং সাধারণ মানুষের জীবন রক্ষা তাদের প্রধান অগ্রাধিকার। লোভে পড়ে কিছু তরুণ জীবনের ঝুঁকি নিচ্ছেন। এমন ঘটনা রোধে বিজিবি সচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি পতাকা বৈঠকের মাধ্যমে নিয়মিত প্রতিবাদ জানাচ্ছে। তবে এই অপরাধ পুরোপুরি দমনে গডফাদারদের আইনের আওতায় আনা এবং সমন্বিত উদ্যোগ জরুরি। সীমান্তবাসীকে সব ধরনের অবৈধ যাতায়াত থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

 

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে মাদক ও চোরাচালানের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করছে। সম্প্রতি ঘটে যাওয়া হত্যাকা্দগুলোর পর সীমান্ত এলাকায় পুলিশের নজরদারি আরও জোরদার করা হয়েছে। অপরাধ কমাতে স্থানীয় সকলের সম্মিলিত সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত প্রয়োজন।