ঢাকায় বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক কাল

গঙ্গা ও পদ্মা নদীর পানি বণ্টনসংক্রান্ত তথ্য-উপাত্ত বিনিময়ে আগামীকাল সোমবার ঢাকায় বৈঠকে বসছে বাংলাদেশ ও ভারতের যৌথ নদী কমিশন (জেআরসি)। তবে আগামী ১২ ডিসেম্বর শেষ হতে যাওয়া ৩০ বছর মেয়াদি গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ বাড়ানো বা নতুন চুক্তি নিয়ে এবারের বৈঠকে আলোচনা হচ্ছে না বলে জানিয়েছে যৌথ নদী কমিশন।

এর আগে গত ২২ মে ভারতের কলকাতায় দুই দেশের মধ্যে গঙ্গার পানি বণ্টনসংক্রান্ত তথ্য বিনিময়ের সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। ১৯৯৬ সালে স্বাক্ষরিত ৩০ বছর মেয়াদি চুক্তির আওতায় এটিই দুই দেশের মধ্যকার সর্বশেষ আনুষ্ঠানিক বৈঠক হতে যাচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, উজানে গঙ্গা নদীর ওপর ভারত ২৯টি বাঁধ ও জলবিদ্যুৎকেন্দ্র নির্মাণ করায় শুকনো মৌসুমে বাংলাদেশের মধ্য ও দক্ষিণাঞ্চলে পদ্মা নদীর পানিপ্রবাহ কমে যায়। এতে কৃষি, মৎস্যসম্পদ ও পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে।

বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রথম গঙ্গার পানি বণ্টন চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৭৭ সালে। ওই চুক্তিতে শুকনো মৌসুমে বাংলাদেশের জন্য ৩৪ হাজার ৫০০ কিউসেক পানি পাওয়ার বিধান ছিল। পরে ১৯৯৬ সালে দুই দেশ ৩০ বছর মেয়াদি নতুন চুক্তি করে।

১৯৯৬ সালের চুক্তি অনুযায়ী, প্রতিবছর ১১ মার্চ থেকে ১০ মে পর্যন্ত শুকনো মৌসুমে দুই দেশ ১০ দিন পরপর পানি বণ্টন করে। এ সময় উভয় দেশের জন্য ৩৫ হাজার কিউসেক পানি পাওয়ার বিধান রয়েছে।

আগামী ১২ ডিসেম্বর চুক্তিটির মেয়াদ শেষ হচ্ছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, বাংলাদেশ ও ভারতের মধ্যে সাম্প্রতিক রাজনৈতিক দূরত্ব নতুন চুক্তি সম্পাদন বা বিদ্যমান চুক্তির মেয়াদ বাড়ানোর প্রক্রিয়ায় প্রভাব ফেলতে পারে।

এদিকে ভবিষ্যতে চুক্তি নবায়ন বা নতুন চুক্তি হলে ন্যায্য হিস্যা অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ পানি পাওয়ার নিশ্চয়তা যুক্ত করার দাবি জানিয়েছে বাংলাদেশ। এ জন্য চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’ রাখার ওপর গুরুত্ব দিচ্ছে সংশ্লিষ্ট মহল।