ব্যাপক ফলন এবং সংরক্ষণ সক্ষমতা বৃদ্ধির ফলে বাংলাদেশ এখন পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ অবস্থানে পৌঁছেছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদফতর (ডিএই)। এতে আমদানি নির্ভরতা এড়িয়ে অফ-সিজনেও স্থানীয় বাজারে পেঁয়াজের নির্বিঘ্ন সরবরাহ নিশ্চিত করা সম্ভব হচ্ছে।
ডিএই জানায়, দেশে বার্ষিক ৩৬ লাখ টন চাহিদার বিপরীতে ৫০ দশমিক ৯০ লাখ টনেরও বেশি পেঁয়াজ উৎপাদিত হয়েছে, যা চাহিদার তুলনায় ৪১ দশমিক ৩৯ শতাংশ বেশি। একই সময়ে সরকারের উদ্যোগে আধুনিক সংরক্ষণাগার স্থাপনের ফলে স্থানীয় বাজারে অপেক্ষাকৃত কম দামে রান্নার অন্যতম প্রধান এই উপাদানটির ব্যাপক সরবরাহ নিশ্চিত হয়েছে। বিশেষ করে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত অফ-সিজনে ফসল সংগ্রহোত্তর অপচয় ১০ শতাংশ কমিয়ে আনার মাধ্যমে বার্ষিক সংকট মোকাবিলার পথ সুগম হয়েছে।
সাধারণত দেশে ফসল সংগ্রহোত্তর অপচয়ের হার ২০ থেকে ৩০ শতাংশ হয়ে থাকে, যা তীব্র পচন বা বৈরী আবহাওয়ার সময় ৫০ শতাংশ বা তারও বেশি হতে পারে। তবে আধুনিক সংরক্ষণ ব্যবস্থার কারণে অফ-সিজনেও বাজারে পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক রাখা সম্ভব হয়েছে।
দেখা যায়, এই অপচয়ের ফলে সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে মৌসুমি সরবরাহ সংকট তৈরি হয়। এতে দাম বাড়ায় আমদানির ওপর নির্ভরতা বেড়ে যায়। তবে ব্যাপক ফলন এবং তৃণমূল পর্যায়ে ‘এয়ার-ফ্লো’ মেশিন বিতরণের মাধ্যমে কৃষকদের আধুনিক সংরক্ষণ সুবিধায় দেশে গত ১১ মাস ধরে পেঁয়াজ আমদানি বন্ধ রাখা সম্ভব হয়েছে। এমনকি আমদানি বন্ধ রাখার মাধ্যমে এ সময়ে দেশে আনুমানিক ৩৮ কোটি ২০ লাখ মার্কিন ডলার (৪ হাজার ৭৬৪ কোটি টাকারও বেশি) সাশ্রয় হয়েছে। মূলত সেপ্টেম্বর-ডিসেম্বর সময়ে দেশীয় পেঁয়াজের মজুত শেষ হয়ে গেলে এই আমদানির প্রয়োজন হতো।
কৃষি সম্প্রসারণ অধিদফতরের (ডিএই) তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে দেশে ৪৪ লাখ ৪৮ হাজার টন উৎপাদনের বিপরীতে পেঁয়াজ আমদানি হয়েছিল ৪ লাখ ৭৩ হাজার টন। এর আগে ২০২৩-২৪ অর্থবছরে দেশে ৩৯ লাখ টন উৎপাদনের বিপরীতে আমদানির পরিমাণ বেড়ে প্রায় ৬ লাখ টনে দাঁড়িয়েছিল।
ডিএই’র মহাপরিচালক এম আব্দুর রহিম বলেন, আমাদের এখন আর পেঁয়াজ আমদানির প্রয়োজন নেই। আমরা ইতোমধ্যে সর্বোচ্চ ৪ থেকে ৫ লাখ টন ধারণক্ষমতাসম্পন্ন আধুনিক সংরক্ষণ সুবিধা গড়ে তুলেছি। এটি অফ সিজনে বার্ষিক সরবরাহ সংকট মেটাতে যথেষ্ট। ফলে সারা বছর পেঁয়াজের কোনও ঘাটতি হওয়ার সম্ভাবনা নেই। তিনি জানান, এ পর্যন্ত কৃষক পর্যায়ে মোট ২৬ হাজার ৭০০টি এয়ার-ফ্লো মেশিন বিতরণ করা হয়েছে এবং চলতি অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে আরও ৪ হাজার মেশিন বিতরণের পরিকল্পনা রয়েছে সরকারের।
কৃষি সম্প্রসারণ অধিদফতর ২০২৫ সালের ডিসেম্বর থেকে পেঁয়াজ আমদানির অনুমতি (আইপি) বন্ধ করে দিয়েছে। ফলে চলতি বছরে দেশে আর কোনও পেঁয়াজ আমদানি হয়নি। তবে ২০২৫-২৬ অর্থবছরের আগস্ট থেকে ডিসেম্বর সময়ে মাত্র ৮৬ হাজার ৩৬৮ টন পেঁয়াজ আমদানি করা হয়। এমনকি চলতি বছর দেশে ৩ লাখ হেক্টরেরও বেশি জমিতে ৫০ লাখ ৯০ হাজার টন উদ্বৃত্ত পেঁয়াজ উৎপাদিত হয়েছে, যা গত বছরের উৎপাদনের তুলনায় ৭ থেকে ১০ লাখ টন বেশি।