দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ দিলো রূপপুর

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে দ্বিতীয়বারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে এ কার্যক্রম শুরু হয়।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেন জানান, এ পর্যায়ে প্রায় ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ ১০ থেকে ২৪ ঘণ্টা পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। এ সময় বিদ্যুৎকেন্দ্রের উৎপাদনব্যবস্থা এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালনব্যবস্থার প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

এর আগে গত ১৭ নভেম্বর বিকেল ৩টা ১৬ মিনিটে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে প্রায় ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়। সেই কার্যক্রমের ধারাবাহিকতায় সোমবার দ্বিতীয় দফায় পরীক্ষামূলক গ্রিড সংযোগ শুরু হলো।