জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬

আজ স্বর্ণদ্বীপে ঐতিহাসিক সামরিক মহড়া পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী

নোয়াখালীর স্বর্ণদ্বীপে বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর যৌথ সামরিক মহড়ার চূড়ান্ত পর্ব পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে হেলিকপ্টারযোগে তার এই বিশেষ সফরে যাওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি গণমাধ্যমকে এই সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। 

বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা এই দ্বীপে প্রথমবারের মতো সরকারপ্রধান হিসেবে তিন বাহিনীর যৌথ মহড়া দেখবেন তিনি।

সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সগুলোর সমন্বয়ে প্রথমবার অনুষ্ঠিত হচ্ছে ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’। এই চূড়ান্ত অনুশীলনে সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নিচ্ছে।

মহড়া পর্যবেক্ষণের পাশাপাশি প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর সদস্যদের বিভিন্ন পেশাদারী কার্যক্রম ঘুরে দেখবেন। এছাড়াও সফরে দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত আধুনিক সামরিক সরঞ্জামের একটি বিশেষ প্রদর্শনীও পরিদর্শন করবেন সরকারপ্রধান।

স্থানীয়ভাবে ‘জাহাইজ্জার চর’ নামে পরিচিত নোয়াখালীর দক্ষিণের এই ভূখণ্ডে এটাই কোনো প্রধানমন্ত্রীর প্রথম সামরিক মহড়া পরিদর্শন। দিনের নির্ধারিত কর্মসূচি ও অনুশীলন পর্যবেক্ষণ শেষে আজ বিকালেই হেলিকপ্টারে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।