শেখ হাসিনার রাষ্ট্রীয় বিমান চাওয়া ‘হাস্যকর’: চিফ প্রসিকিউটর

মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শেখ হাসিনার দেশে ফিরতে রাষ্ট্রীয় উড়োজাহাজ চাওয়ার বিষয়টিকে হাস্যকর ও উন্মাদনা ছাড়া কিছু নয় বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনের প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।

চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনা একজন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি। তাঁর মতো একজন পলাতক আসামির জন্য রাষ্ট্রীয় উড়োজাহাজ চাওয়ার ঘটনা নজিরবিহীন।

ভারতে অবস্থানরত আওয়ামী লীগের পলাতক নেতাদের তৎপরতা প্রসঙ্গে আমিনুল ইসলাম বলেন, তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে দলটির সন্ত্রাসী পরিচয়ই প্রকাশ পাচ্ছে।

তিনি আরও বলেন, অন্য দেশের ভূখণ্ডে এসব তৎপরতা বন্ধে সরাসরি আইনি পদক্ষেপ নেওয়ার সুযোগ না থাকলেও কূটনৈতিক উদ্যোগ নেওয়া সম্ভব।

আমিনুল ইসলাম জানান, এসব কর্মকাণ্ডের মধ্য দিয়ে আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন হিসেবে প্রমাণিত হলে বিচারের মাধ্যমে দলটির বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকার ও ট্রাইব্যুনাল বাধ্য হতে পারে।