প্রধানমন্ত্রী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন করবেন আজ

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬। আগামী ২৮ নভেম্বর পর্যন্ত কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ে একযোগে এ আয়োজন চলবে।

সকাল সাড়ে ৯টায় প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন করবেন। এ উপলক্ষে রাজধানীর শেরেবাংলানগরের পুরান বাণিজ্যমেলার মাঠে তিন দিনব্যাপী প্রাণিসম্পদ মেলা ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। মেলায় ৬৪টি স্টল ও ছয়টি প্যাভিলিয়ন থাকবে।

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক বাণী দিয়েছেন।

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁর বাণীতে বলেন, গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করা, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা এবং সামগ্রিক আর্থসামাজিক উন্নয়নে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দেশের মোট প্রাণিজ আমিষের জোগানের প্রায় ৫৬ শতাংশ আসে গবাদিপশু ও পোলট্রি খাত থেকে, যার মধ্যে দুধ, ডিম ও মাংস অন্যতম। পাশাপাশি নারী ও যুবসমাজের কর্মসংস্থান এবং নতুন উদ্যোক্তা তৈরিতেও এ খাতের উল্লেখযোগ্য অবদান রয়েছে।

তিনি বলেন, নিরাপদ খাদ্য উৎপাদন, জনস্বাস্থ্য সুরক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এখন বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে।

এ পরিস্থিতিতে প্রাণিসম্পদের উৎপাদন বাড়ানো, দেশীয় জাত সংরক্ষণ ও উন্নয়ন, উন্নত প্রজনন প্রযুক্তির বিস্তার, মানসম্মত খাদ্য ও পুষ্টি ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ এবং আধুনিক প্রাণিস্বাস্থ্যসেবা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে প্রাণিজ পণ্যের মান উন্নয়ন, প্রক্রিয়াজাতকরণ, মূল্য সংযোজন ও রপ্তানি সম্প্রসারণের মাধ্যমে খাতটিকে আরও প্রতিযোগিতামূলক করে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।

প্রধানমন্ত্রী তাঁর বাণীতে বলেন, আধুনিক খামার ব্যবস্থাপনা, টিকা উৎপাদন, খামারিদের প্রশিক্ষণ, গবেষণা ও উৎপাদন বৃদ্ধির উদ্যোগগুলো যথাযথভাবে বাস্তবায়ন করা গেলে প্রাণিসম্পদ খাতে দেশের স্বনির্ভরতা বাড়বে। পাশাপাশি স্বল্প মেয়াদে চামড়াজাত পণ্য, পশুজাত উপজাত ও অনুমোদিত প্রক্রিয়াজাত পণ্য রপ্তানি সম্প্রসারণের সুযোগ রয়েছে।

তিনি উল্লেখ করেন, বাংলাদেশ প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে হ্যাচিং এগ বা বাচ্চা উৎপাদনক্ষম উর্বর ডিম রপ্তানি করেছে। দীর্ঘ মেয়াদে আন্তর্জাতিক মানসম্পন্ন হালাল মাংস, দুগ্ধজাত পণ্য ও পোলট্রি পণ্য রপ্তানির ক্ষেত্রেও বড় সম্ভাবনা রয়েছে। এ ছাড়া আন্তর্জাতিক বাজারে বিভিন্ন অপ্রচলিত প্রাণিজ পণ্য রপ্তানির সুযোগ রয়েছে বলে তিনি মনে করেন।

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে প্রাণিসম্পদ পদক প্রদান, সচেতনতামূলক কার্যক্রম, শোভাযাত্রা, আলোচনা সভা, সেমিনার, কর্মশালা, রেসিপি প্রতিযোগিতা ও প্রদর্শনীসহ নানা কর্মসূচি আয়োজন করা হয়েছে।