সব কলকারখানা শনিবার থেকে চালুর প্রত্যাশা শ্রমমন্ত্রীর

পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি ঘোষণা নিয়ে চলমান অসন্তোষ ও শ্রমিক আন্দোলন প্রসঙ্গে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, শনিবার (২৮ নভেম্বর) থেকে দেশের সব কলকারখানা উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চালু হোক, এটাই সরকারের প্রত্যাশা। একই সঙ্গে শ্রমিক পরিচয়ে কেউ ইচ্ছাকৃতভাবে শিল্পকারখানায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাদের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

শ্রমিকদের আন্দোলনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের উসকানি ও সংবাদ সম্মেলনে এনসিপির সহযোগী সংগঠন শ্রমশক্তির নেতাদের বাগবিতণ্ডা ও হট্টগোলের দিকে ইঙ্গিত করে শ্রমমন্ত্রী বলেন, আপনারা তাদের আইডেন্টিফাই করে দেন, মানুষই তাদের প্রতিহত করবে। কিছুক্ষণ আগে দেখলেন না, এরা শ্রমিকও না, শ্রমিক নেতাও না। শ্রমিকদের কথা বলে যারা এসব করছে, তাদের বিষয়টি বুঝতে পারছেন। আমার মনে হয়, এদের বিরুদ্ধে ২৪ জুলাই যেভাবে বিপ্লব হয়েছে, দেশ রক্ষার স্বার্থে তাদের বিরুদ্ধেও জনসচেতনতা বৃদ্ধি করতে হবে।

মন্ত্রী বলেন, শ্রমিকদের বিভিন্ন দাবি ও অসন্তোষ গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ। তবে যেকোনো সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত। শ্রমিকদের যেমন কথা বলার অধিকার রয়েছে, তেমনি তাদের কথা শোনার দায়িত্বও সরকারের রয়েছে। সামর্থ্য অনুযায়ী শ্রমিকদের ন্যায্য দাবি পূরণে সরকার চেষ্টা করবে।

আরিফুল হক চৌধুরী বলেন, মজুরি নির্ধারণের পুরো প্রক্রিয়ায় শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিরা সহযোগিতা করেছেন। গভীর রাত পর্যন্ত আলোচনা হয়েছে। সরকার কোনো পক্ষের হয়ে হস্তক্ষেপ করেনি; বরং নিরপেক্ষভাবে সমাধানে পৌঁছানোর চেষ্টা করেছে। এ জন্য মজুরি বোর্ডের সদস্যসহ শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের ধন্যবাদ জানান তিনি।

মন্ত্রী আরও বলেন, শ্রমিকদের উৎপাদনশীলতা বাড়লে শিল্পপ্রতিষ্ঠানের আয় বাড়বে। তখন শ্রমিকদের বেতন-ভাতা বাড়ানোও সহজ হবে। তাই কোনো ষড়যন্ত্র বা বিশৃঙ্খলার কারণে শিল্পকারখানা বন্ধ হয়ে যাক, তা কোনোভাবেই কাম্য নয়। শিল্পের অগ্রগতি ও শ্রমিকদের স্বার্থ-দুটিই রক্ষা করতে হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শুরু থেকেই শ্রমিক ও মালিকপক্ষের সমন্বয়ে একটি সুন্দর সমাধানের জন্য উৎসাহ দিয়েছেন। শেষ পর্যন্ত মজুরি বোর্ডের মাধ্যমে নিরপেক্ষভাবে সমাধানে পৌঁছানো সম্ভব হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাড. মো. শামসুর রহমান শিমুল বিশ্বাস, নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী, মালিকপক্ষের প্রতিনিধি এবিএম সামছুদ্দিন মাহমুদ, শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার, বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান ও বিকেএমইএর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসানসহ সংশ্লিষ্টরা।