পাঁচ জেলার ২০ উপজেলায় ২৩০টি চা-বাগান ও কেন্দ্রে ভোট

৮ বছর পর বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন আজ

দীর্ঘ আট বছরের অপেক্ষার পর আজ শনিবার (২৮ নভেম্বর) বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নতুন নেতৃত্ব নির্বাচন করতে সারা দেশের লক্ষাধিক চা শ্রমিক ভোটকেন্দ্রে যাচ্ছেন। ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে স্থানীয় প্রশাসন সব ধরনের প্রস্তুতি গুছিয়ে এনেছে এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে।

গত ১৫ নভেম্বর প্রতীক বরাদ্দের পর থেকেই চা-বাগান, কারখানা ও শ্রমিক লাইনগুলোতে উঠান বৈঠক, সভা ও মিছিলের মাধ্যমে জমজমাট প্রচারণা চলছে। প্রার্থীরা বাগানে বাগানে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলছেন এবং নিজেদের নির্বাচনী ইশতেহার তুলে ধরছেন। নির্বাচন ঘিরে বাগানগুলোতে পরিবর্তনের আভাস মিলছে।

তবে উৎসবমুখর এই প্রচারণার পাশাপাশি শ্রমিকদের মূল দাবিদাওয়া ও অধিকারের বদলে প্রার্থীদের একে অপরকে রাজনৈতিক ‘ট্যাগ’ দেওয়ার প্রবণতা নিয়ে ক্ষোভ জানিয়েছেন সাধারণ ভোটাররা।

নির্বাচন-সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পাঁচটি জেলার ২০টি উপজেলার ২৩০টি চা-বাগান ও কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ চলবে। এই নির্বাচনে প্রায় ১ লাখ ৪৫ হাজার ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ৩০ সদস্যের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদসহ সাতটি ভ্যালি এবং বাগানভিত্তিক পঞ্চায়েত পর্যায়ে ৬০০-এর বেশি প্যানেলে প্রায় ৭ হাজার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।