আহত বিজিবি সদস্যদের দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

গোপালগঞ্জ ও গাজীপুরে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনকালে আহত হয়ে চিকিৎসাধীন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের সঙ্গে দেখা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (২৮ নভেম্বর) ঢাকার পিলখানার বিজিবি সদর দপ্তরে শহীদ জাকির হোসেন বিজিবি হাসপাতালে তাদের দেখতে যান তিনি।

এ সময় আহত বিজিবি সদস্যদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাদের চিকিৎসার বিষয়ে সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। তিনি আহত সদস্যদের দ্রুত সুস্থতা কামনা করেন। এ সময় বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী উপস্থিত ছিলেন। মন্ত্রী এরপর বিজিবির অপস রুম পরিদর্শন করেন। সেখানে তিনি অপস রুমের কার্যক্রম সম্পর্কে অবহিত হন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

উল্লেখ্য, গত ১৭ নভেম্বর গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনকালে দুর্বৃত্তদের হামলায় খুলনা সেক্টর সদর দপ্তরে কর্মরত নায়েক মো. মনির হোসেন (৪০) মাথায় আঘাতপ্রাপ্ত হন। প্রথমে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য গত ২১ নভেম্বর তাকে পিলখানার শহীদ জাকির হোসেন বিজিবি হাসপাতালে স্থানান্তর করা হয়।

এর আগে গত ১৬ নভেম্বর গাজীপুর শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনকালে উচ্ছৃঙ্খল শ্রমিকদের ছোড়া ইটের আঘাতে গাজীপুর ব্যাটালিয়নের (৬৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খালেকুজ্জামান (৪৭) এবং সিপাহি (সিগন্যাল) রঞ্জু মিয়া (২৫) আহত হন। বর্তমানে আহত তিন বিজিবি সদস্যই বিজিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।