৩৮ রেলস্টেশনের নিরাপত্তায় আনসার মোতায়েন

দেশের গুরুত্বপূর্ণ ৩৮ রেলস্টেশনের নিরাপত্তা জোরদার করতে ১৪ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব গণমাধ্যমকে এ তথ্য জানান।

নাজমুস সাকিব জানান, রেলওয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের চাহিদার পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের নির্দেশনায় এসব সদস্য মোতায়েন করা হয়েছে।

নিরাপত্তা কার্যক্রম মাঠপর্যায়ে তদারকির জন্য ৩৮টি স্থানে ৩৮ জন কোম্পানি কমান্ডার ও সার্কেল অ্যাডজুটেন্ট দায়িত্ব পালন করছেন। পাশাপাশি সংশ্লিষ্ট ব্যাটালিয়ন পরিচালক ও জেলা কমান্ড্যান্টরা সার্বক্ষণিক তদারকি করছেন। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি রেল চলাচল নির্বিঘ্ন ও স্বাভাবিক রাখাই এ মোতায়েনের মূল লক্ষ্য।