জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৭ সালের ডেস্ক ক্যালেন্ডারে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারতের একটি ছবির সঙ্গে বিতর্কিত ক্যাপশন যুক্ত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীলতা ও ক্যালেন্ডার তৈরির প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার সিনিয়র সাংবাদিক মো. সাইদুর রহমান।। তাঁর ফেসবুক পোস্টে এ অভিযোগ তুলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
পোস্টে বলা হয়, গত ২৮ নভেম্বর রাজধানীর মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আয়োজিত অধ্যক্ষ সম্মিলন-২০২৬ অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের উপহার হিসেবে একটি করে গিফট বক্স দেওয়া হয়। ওই বক্সে ছিল ২০২৭ সালের একটি ডেস্ক ক্যালেন্ডার।
অভিযোগ অনুযায়ী, ক্যালেন্ডারের জানুয়ারি মাসের পাতায় বেগম খালেদা জিয়ার কবর জিয়ারতের একটি ছবি ব্যবহার করা হয়েছে। ছবির ওপর থাকা ব্যানারে লেখা হয়েছে, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী, বাঙালি জাতির জননী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ’।
ফেসবুক পোস্টে বলা হয়েছে, ছবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ রয়েছেন। একই ক্যালেন্ডারে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হিসেবে রাষ্ট্রপতির ছবিও ব্যবহার করা হয়েছে বলে উল্লেখ করা হয়।
সাইদুর রহমান তাঁর পোস্টে প্রশ্ন তুলেছেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের মতো একটি প্রতিষ্ঠানের ক্যালেন্ডারে এমন অসংগতিপূর্ণ ক্যাপশন কীভাবে যুক্ত হলো। ক্যালেন্ডার তৈরির বিভিন্ন পর্যায়ে দায়িত্বে থাকা ব্যক্তিদের কারও নজরে বিষয়টি পড়েনি কি না, সে প্রশ্নও তুলেছেন তিনি।
পোস্টে আরও অভিযোগ করা হয়, ক্যালেন্ডার তৈরির কাজ পাওয়া প্রতিষ্ঠানের সঙ্গে টেন্ডার প্রক্রিয়ায় স্বজনপ্রীতি হয়ে থাকতে পারে। তবে এ অভিযোগের পক্ষে কোনো প্রমাণ পোস্টে উপস্থাপন করা হয়নি।
তিনি বিতর্কিত ক্যাপশন যুক্ত করার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। একই সঙ্গে বিষয়টি নিয়ে বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসনের জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন-২০২৬ গত ২৮ নভেম্বর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মেলনে সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষ এ সম্মেলনে অংশ নেন।