নিজস্ব প্রতিবেদক: জমি ও বাড়ি রক্ষার চেষ্টায় ব্যর্থ হয়ে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে সন্তানসহ আত্মহত্যার চেষ্টা করেন নারায়ণগঞ্জের বরফা এলাকার এক নারী।
আজ শনিবার (২৯ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলে থাকা পুলিশ তাদের বাধা দেয়। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। আত্মহত্যার চেষ্টাকারীরা হলেন: নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার বরপা এলাকার শিরিন আক্তার (৩৫), তার মেয়ে শামীমা আক্তার (১৬) ও ছেলে মো. জহির খান (১০)।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল্লাহ গণমাধ্যমকে জানান, জাতীয় প্রেসক্লাব সামনে দাঁড়িয়ে ওই নারী তার তিন সন্তানসহ সাংবাদিকদের সাথে কথা বলছিলেন। এ সময় হঠাৎ তিনি তার ব্যাগ থেকে একটি কেরোসিনের বোতল বের করে নিজের শরীর এবং সন্তানদের শরীরে ঢালেন। এসময় পাশ থেকে এক পুলিশ সদস্য বিষয়টি দেখে সঙ্গে সঙ্গে তাদের হাত থেকে বোতলটি ছিনিয়ে নেন। পরে তাদের হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়। তিনি আরও জানান, তারা নারায়ণগঞ্জের বাসা থেকেই সম্ভবত ঘুমের ওষুধ সেবন করে এসেছিলেন। তাদের হাসপাতালে নিয়ে স্টোমাক ওয়াশ করানোর পর মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছে। তবে ওই নারীর তিন বছরের মেয়ে সাজিদা খানকে ঘুমের ওষুধ সেবন করায়নি। সে সুস্থ আছে।
শিরিন আক্তার জানান, আমার স্বামী দীর্ঘদিন ধরে। ৮ বছর আগে নারায়ণগঞ্জের সোনারগাঁ বরফা এলাকায় জমি কিনে তারা বাড়ি করেছেন এবং সেখানে বসবাস করছেন পরিবার নিয়ে। কিন্তু স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল হান্নান দীর্ঘদিন ধরে তাকে বাড়ি ছাড়তে চাপ দিয়ে আসছেন। শুধু তাই নয়, হান্নান তার নামে মামলাও করেছেন এবং হুমকি-ধামকি দিচ্ছেন। দুই মাস ধরে তাকে বাড়ি যেতে দিচ্ছেন না। এব্যাপারে বিচারের জন্য দ্বারে দ্বারে ঘুরেও কোন উপায় না পেয়ে এইপথ বেছে নিয়েছি।