অবৈধ সম্পদ অর্জন মামলা

রিজেন্টের সাহেদের জামিন বহাল

নিজস্ব প্রতিবেদক: অবৈধ সম্পদ অর্জনের মামলায় কারাদণ্ডপ্রাপ্ত রিজেন্ট হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।

একই সঙ্গে কারাদণ্ডের বিরুদ্ধে আপিল তিন মাসের মধ্যে নিষ্পত্তি করতে হাইকোর্টকে নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি মো. আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চকে আপিল নিষ্পত্তি করতে বলা হয়েছে।

সোমবার (২৭ নভেম্বর) বিচারপতি বোরহান উদ্দিনের নেতৃত্বাধীন আপিল বিভাগে বেঞ্চ এই আদেশ দেন। 
আদালতে সাহেদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক। দুদকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান।

গত ১৪ সেপ্টেম্বর অবৈধ সম্পদ অর্জনের মামলায় তিন বছরের কারাদণ্ডের মামলায় রিজেন্ট হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদকে ছয় মাসের জামিন দেন হাইকোর্ট।

তার জামিন স্থগিত চেয়ে আবেদন করে দুদক। গত ৪ সেপ্টেম্বর এ মামলায় তার আপিল শুনানির জন্য গ্রহণ করেছিলেন হাইকোর্ট।