তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, সাংস্কৃতিক সম্পৃক্ততা সমাজকে উগ্রবাদ, মৌলবাদ এবং সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করবে।
রোববার (২৮ জানুয়ারি) জাতীয় জাদুঘরে ২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, আমি দৃঢ় বিশ্বাস করি, এই উৎসবের প্রগতিশীল প্রকৃতি বিভিন্ন কোণ থেকে বৈচিত্র্যময়, বহুসাংস্কৃতিক, প্রগতিশীল প্রতিনিধিদের জড়িত করার প্রক্রিয়ার মাধ্যমে মানুষকে আলোকিত করতে অবদান রাখবে।
এ আরাফাত বলেন, ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আমাদের দেশীয় চলচ্চিত্র শিল্পের জন্য সমৃদ্ধি ও সহায়ক পরিবেশের বিকাশে অবদান রেখেছে। চলচ্চিত্র শিল্পে কুসংস্কার এবং ক্ষতিকারক ব্যবসায়িক অনুশীলনের বিরুদ্ধে প্রতিবাদ হিসাবেও কাজ করেছে এই উৎসব।
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বিশ্বের মানুষের সঙ্গে যোগাযোগ বাড়াবে বলেও আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী।
‘বেটার ফিল্ম, বেটার অডিয়েন্স, বেটার সোসাইটি’ থিম নিয়ে ২০ থেকে ২৮ জানুয়ারি এই চলচ্চিত্র উৎসবের আয়োজন করে রেইনবো ফিল্ম সোসাইটি। উৎসবে নগরীর অ্যালায়েন্স ফ্রাসেস, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, ফরেন সার্ভিস একাডেমি এবং জাতীয় জাদুঘর মিলনায়তনে ৭৪টি দেশের ২৫২টি চলচ্চিত্র প্রদর্শিত হয়।
সূত্র : বাসস