সচিবালয়ে সাংবাদিকদের তথ্য প্রতিমন্ত্রী

অপতথ্য রোধে একসঙ্গে কাজ করবে ইইউ-বাংলাদেশ

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, অপতথ্য রোধে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) একসঙ্গে কাজ করবে। কিন্তু মতপ্রকাশের অবাধ স্বাধীনতাকে সঙ্কুচিত করে নয়। কাজ দুটো একইসঙ্গে আমাদের করতে হবে।

রোববার (১৮ ফেব্রুয়ারি) বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। 

তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত বলেন, অপতথ্যের কারণে পশ্চিমারা এবং আমরা সবাই ক্ষতিগ্রস্ত। আমাদের মধ্যে সেই আলাপই হয়েছে। এ নিয়ে নৈতিকভাবে আমরা একমত আছি। পশ্চিমারা বিভিন্ন ধরনের আইন করছে। সেই আইনের খসড়া, আইন প্রণয়নের বিষয়গুলো তিনি আমাদের শেয়ার করবেন।

মোহাম্মদ এ আরাফাত বলেন, বিশ্বজুড়ে এই উদ্বেগটা আছে। ইউরোপীয় ইউনিয়নের যেমন আছে, তেমনই আমাদেরও আছে। সে ক্ষেত্রে আমরা কীভাবে পরস্পরকে সহায়তা করতে পারি, সেটা নিয়ে আলাপ হয়েছে। এছাড়া আমাদের অংশীদার হিসেবে ইউরোপীয় ইউনিয়ন তো আছেই। এগুলো ছাড়াও আরো বিভিন্ন স্তরে সহযোগিতা নিয়ে আমরা আলোচনা করেছি।