২৩ বছরেও শেষ হয়নি রমনা বটমূলে বোমা হামলার বিচার

১৪ এপ্রিল। ২০০১ সাল। রমনার বটমূলে বঙ্গাব্দ বরণের উৎসবে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ। ঘৃণ্যতম সে হামলায় প্রাণ হারান ১০ জন। সেই জঙ্গি হামলার ঘটনায় হত্যা মামলার বিচার জজ আদালতে শেষ হলেও বিস্ফোরকদ্রব্য আইনের আরেক মামলার বিচার শেষ হয়নি ২৩ বছরেও।

জজ আদালত হত্যা মামলায় যে রায় দিয়েছে, মৃত্যুদণ্ড অনুমোদন ও আসামিদের করা আপিল শুনানির জন্য সে মামলা হাইকোর্টে ঝুলে আছে। আর বিস্ফোরক আইনের মামলাটি এখনও ঢাকা মহানগর ১৫ নম্বর বিশেষ ট্রাইব্যুনালে রায়ের অপেক্ষায়।

রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছে, সাক্ষীদের হাজির করতে না পারায় বিস্ফোরক মামলার কার্যক্রম শেষ করা যায়নি। আর হাইকোর্টে হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি ঈদের ছুটির পরপরই শুরু করা যাবে বলে আশা প্রকাশ করেছেন রাষ্ট্রের সবোচ্চ আইন কর্মকর্তা।