ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খানের জামালপুর থেকে চুরি হওয়া আইফোন ফিফটিন প্রো ম্যাক্স মডেলের মোবাইল ফোনটি মালয়েশিয়া থেকে উদ্ধার হয়েছে। এ ঘটনা চক্রের মূলহোতাসহ ৯ জনকে গ্রেপ্তার করা হয়।
আজ বুধবার (৫ জুন) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।
গত ৩০ এপ্রিল ধর্মমন্ত্রী ফরিদুল হক খানের ফোন খোয়া যায়। পরে মন্ত্রীর ব্যক্তিগত সহকারী মোহাম্মদ ইসমাইল হোসেন জামালপুর জেলার ইসলামপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
জিডিতে বলা হয়, ধর্মমন্ত্রী ফরিদুল হক খান গত ৩০ এপ্রিল সকালে ইসলামপুর পৌরসভাধীন মোশাররফগঞ্জে একটি জানাজায় অংশগ্রহণ করেন। সেখানে তার পাঞ্জাবির পকেট থেকে মোবাইল ফোনটি সিমসহ পড়ে যায়। প্রতিমন্ত্রীর মোবাইল ফোন উদ্ধারে কাজ করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার ক্রাইম এন্ড ইনভেস্টিগেশন (উত্তর)। দীর্ঘ তদন্ত শেষে আইফোন উদ্ধার করা হয় বলে জানান হারুন অর রশীদ।
তিনি বলেন, জামালপুর থেকে চুরি হওয়া ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খানের আইফোন ফিফটিন প্রো ম্যাক্স মডেলের মোবাইল ফোনটি মালয়েশিয়া থেকে উদ্ধার হয়েছে। ঘটনাচক্রের মূলহোতাসহ ৯ জনকে গ্রেপ্তার করা হয়।