গানম্যান পেলেন ব্যারিস্টার সুমন

হত্যার হুমকি পেয়ে ২৯ জুন রাতে রাজধানীর শেরেবাংলা নগর থানায় সাধারণ ডায়েরি করা হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের সার্বক্ষণিক নিরাপত্তায় একজন গানম্যান নিয়োগ করা হয়েছে। এর আগে ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকির প্রতিবাদে হবিগঞ্জ জেলা জুড়ে মানববন্ধন ও বিক্ষোভ করছেন সুমনের সমর্থকরা। 

গত ৩ জুলাই হবিগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের এক অফিস আদেশে বলা হয়েছে, সংসদ সদস্য ব্যারিস্টার সুমনের সার্বক্ষণিক নিরাপত্তার জন্য ডিএসবি হবিগঞ্জে কর্মরত কনস্টেবল মো. রিফাদ ধানিয়েলকে অস্ত্রসহ (সাদা পোশাকে) গানম্যান নিয়োজিত করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।

ব্যারিস্টার সুমন জিডিতে উল্লেখ করেন, ২৭ জুন ঢাকায় অবস্থানকালে রাত আনুমানিক ২টার সময় চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমার হোয়াটসঅ্যাপে ফোন করে জানান যে, আপনাকে হত্যার জন্য অজ্ঞাতনামা একটি শক্তিশালী মহল গত তিন দিন আগে চার-পাঁচজনের একটি টিম নিয়ে মাঠে নেমেছে। আপনি রাতে বাইরে বের হবেন না এবং সাবধানে থাকবেন। তখন আমি ওসির কাছে অজ্ঞাতনামা ব্যক্তিদের পরিচয় জানতে চাইলে তিনি ওই ব্যক্তির পরিচয় জানাতে অস্বীকার করেন এবং আমাকে সাবধানে থাকার পরামর্শ দেন। বিষয়টি জানার পরে আমি মারাত্মকভাবে নিরাপত্তাহীনতায় ভুগছি।