দুই দিনের সফরে ঢাকায় মানবাধিকার প্রধান ফলকার টুর্ক

দুই দি‌নের সফ‌রে ঢাকায় এসেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক। সোমবার (২৮ অক্টোবর) রা‌তে ঢাকায় পৌঁছা‌লে টুর্ককে বিমানবন্দ‌রে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের জা‌তিসংঘ অনু‌বিভা‌গের মহাপ‌রিচালক ও মুখপাত্র তৌ‌ফিক হাসান।

সোমবার জাতিসংঘের পক্ষ থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফলকার তুর্ক ২৯ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত বাংলাদেশ সফর করবেন। এই সফরে তিনি বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বেশ কয়েকটি বৈঠক করবেন।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা জা‌নি‌য়ে‌ছেন, ফলকার টুর্ক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ৬ থেকে ৭ জন উপদেষ্টা, প্রধান বিচারপতি, সেনাবাহিনী প্রধান, বৈষম্যবিরোধী শিক্ষার্থী আন্দোলনের প্রতিনিধি এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে নির্বাচন, মানবাধিকার এবং নিরাপত্তা ইস্যু অগ্রাধিকার পা‌বে।

ঢাকার কূটনৈতিক সূত্রগুলো বলছে, গত ৫ আগস্ট বাংলাদেশের পট পরিবর্তনের পর জাতিসংঘের মানবাধিকার প্রধানের এই সফরটি খুবই গুরুত্বপূর্ণ। এই সফরে মানবাধিকার, নিরাপত্তা এবং নির্বাচন ইস্যু গুরুত্ব পাবে। মানবাধিকার ইস্যুর মধ্যে জাতিসংঘ ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের তদন্ত রয়েছে। নিরাপত্তা এবং নির্বাচন প্রক্রিয়া সংস্কারে জাতিসংঘের কাছে সহযোগিতা চায় অন্তর্বর্তী সরকার। জাতিসংঘও সহযোগিতা করতে প্রস্তুত। কিন্তু কোন ফরমেটে কীভাবে সহযোগিতা হতে পারে, তা টুর্কের ঢাকা সফরের আলোচনার টেবিলে উপস্থাপন করার কথা রয়েছে। ঢাকায় জাতিসংঘের মানবাধিকার অফিস খোলা নিয়েও তুর্কের সফরে আলোচনা হতে পা‌রে।

এ সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) একটি ভাষণ দেবেন। সাম্প্রতিক প্রতিবাদ ও আন্দোলনের সঙ্গে জড়িত শিক্ষার্থীদের সঙ্গে দেখা করবেন। এছাড়াও জাতিসংঘের বিভিন্ন সংস্থা এবং বাংলাদেশে কূটনৈতিক মিশনের সদস্যদের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে।