শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা বলছে ভারত

গণহত্যার দায়ে অভিযুক্ত আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে এখনো নিশ্চুপ ভারত। তবে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল শুক্রবার (৩ জানুয়ারি) সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এ ইস্যুতে ভারতের অবস্থান স্পষ্ট করার চেষ্টা করেছেন।

শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে সাংবাদিকদের করা এক প্রশ্নের উত্তরে জয়সওয়াল বলেন, আমরা এর আগে বলেছিলাম, বাংলাদেশের সরকার শেখ হাসিনাকে ফেরতদানের জন্য আমাদেরকে চিঠি দিয়েছে এবং আমরা সেই চিঠি গ্রহণ করেছি। এ ইস্যুতে এর বেশি আর কিছু আমার বলার নেই।

শিক্ষার্থী-জনতার অভ্যুত্থানের মুখে টিকতে না পেরে ২০২৪ সালের ৫ আগস্ট দেশ ছাড়েন শেখ হাসিনা। বর্তমানে তিনি দিল্লির একটি সুরক্ষিত এলাকায় রয়েছেন বলে জানা গেছে।

এদিকে, শিক্ষার্থী-জনতার আন্দোলন দমনে আগ্নেয়াস্ত্রের ব্যবহার ও হত্যার অভিযোগে ইতোমধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাকে ফেরত দেওয়ার আহ্বান জানিয়ে গত ২৩ ডিসেম্বর ভারতের কেন্দ্রীয় সরকারকে চিঠি দেয় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। সেই চিঠির প্রাপ্তিস্বীকারও সে সময় করেছিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। সূত্র: এনডিটিভি