সুফল প্রকল্প যুগান্তকারী সাফল্য নিয়ে এসেছে: পরিবেশ উপদেষ্টা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, টেকসই বন ও জীবিকাসমূহ (SUFAL) প্রকল্পের মাধ্যমে বাংলাদেশে বন পুনরুদ্ধার, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং বননির্ভর জনগোষ্ঠীর জীবিকা উন্নয়নে যুগান্তকারী অগ্রগতি অর্জিত হয়েছে।

বুধবার (২১ মে) বাংলাদেশ সচিবালয়ে বিশ্বব্যাংকের SUFAL প্রকল্প বাস্তবায়ন সহায়তা মিশনের সমাপনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এ প্রকল্পের আওতায় ইতোমধ্যে ১ লাখ ৩ হাজার ৯৬০ হেক্টর বনভূমি পুনঃস্থাপন করা হয়েছে, যার ফলে পাহাড়, শালবন ও উপকূলীয় অঞ্চলে দেশীয় উদ্ভিদের বৈচিত্র্য উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।

উপদেষ্টা বলেন, ‘সাইট-সুনির্দিষ্ট পরিকল্পনা’ টুল চালুর মাধ্যমে বন অধিদপ্তরের ড্যাশবোর্ডে তথ্যভিত্তিক এবং বৈজ্ঞানিক বন ব্যবস্থাপনা নিশ্চিত হয়েছে। এর ফলে বন উন্নয়ন কার্যক্রম এখন আরও কার্যকর ও টেকসইভাবে পরিচালিত হচ্ছে।

রিজওয়ানা হাসান জানান, ইতোমধ্যে ১ হাজার উদ্ভিদ প্রজাতির রেড লিস্ট মূল্যায়ন সম্পন্ন হয়েছে, যা দেশীয় জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ নির্দেশক হিসেবে কাজ করবে। এছাড়া পাঁচটি সংরক্ষিত অঞ্চলে আক্রমণাত্মক বিদেশি উদ্ভিদের বিস্তার ঠেকাতে কৌশলগত পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে।

তিনি আরও বলেন, Sharks and Rays সংরক্ষণের জন্য একটি জাতীয় পরিকল্পনা প্রণয়ন এবং চারটি শার্ক ও রে প্রজাতির জন্য Non-Detriment Findings (NDF) তৈরি wildlife trade ব্যবস্থাপনায় আন্তর্জাতিক মানে উত্তরণ ঘটিয়েছে।

SUFAL প্রকল্পের মাধ্যমে মাঠপর্যায়ে ৬১৫টি ‘কমিউনিটি ফরেস্ট ম্যানেজমেন্ট (CFM) প্রতিষ্ঠান গঠিত হয়েছে এবং কমিউনিটি অপারেশনস ম্যানুয়াল (COM) কার্যকরভাবে চালু করা হয়েছে। এর ফলে ৪১ হাজারের বেশি বননির্ভর মানুষ সরাসরি উপকৃত হয়েছেন। প্রতিটি CFM কমিটিতে ৫০ শতাংশ নারীর অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে, যা বন শাসনে লিঙ্গ সমতার এক অনন্য দৃষ্টান্ত।

উপদেষ্টা জানান, মাঠপর্যায়ে বনায়ন, অবকাঠামো নির্মাণ ও কমিউনিটি উদ্যোগ বাস্তবায়নে পরিবেশ ও সামাজিক সুরক্ষা নীতিমালা কার্যকরভাবে সংযোজন করা হয়েছে। একইসঙ্গে ই-জিপি (e-GP) পদ্ধতিতে সকল পণ্য ও কাজের ক্রয় সম্পন্ন হওয়ায় সরকারি ব্যয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়েছে।

রিজওয়ানা হাসান বিশ্বব্যাংকের ধারাবাহিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমরা টেকসই, অন্তর্ভুক্তিমূলক ও সহনশীল বন ব্যবস্থাপনায় প্রতিশ্রুতিবদ্ধ। SUFAL প্রকল্প আমাদের সেই লক্ষ্য পূরণে শক্ত ভিত্তি গড়ে দিয়েছে।