গ্রুপ ক্যাপ্টেন এম আবুল কালাম আজাদের জানাজা অনুষ্ঠিত

মুক্তিযোদ্ধা গ্রুপ ক্যাপ্টেন এম আবুল কালাম আজাদের জানাজা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাশার প্যারেড গ্রাউন্ডে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।  

সেনা ও বিমানবাহিনীর প্রধানসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা জানাজায় উপস্থিত ছিলেন।

এম আবুল কালাম আজাদ ২১ জুন (শনিবার) সকাল ৮ টায় ভারতের কলকাতায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর ১৯ দিন। 

বীর মুক্তিযোদ্ধা গ্রুপ ক্যাপ্টেন এম আবুল কালাম আজাদ ১৯৫০ সালের ৩ জুন মুন্সীগঞ্জ জেলার সোলার চর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে তার অবদান জাতির কাছে চিরস্মরনীয় হয়ে থাকবে। তিনি ১৯৭৪ সালের ২৭ জুন বাংলাদেশ বিমান বাহিনীতে এমটি সিএন্ডই শাখায় কমিশন লাভ করেন। 

তিনি দীর্ঘ ২৮ বছর ১১ মাস ৬ দিন চাকরির দায়িত্ব পালন শেষে  ২০০৪ সালের ৬ মে গ্রুপ ক্যাপ্টেন হিসেবে অবসর গ্রহণ করেন।