নিজস্ব প্রতিবেদক: আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিলের বিষয়ে সরকার আন্তরিক। তবে দলটির নিবন্ধন বাতিল করার জন্য চলমান আইন যথেষ্ট নয়। এ কারণে আইন সংশোধনের প্রক্রিয়া চলছে।
শনিবার (৬ মে) দুপুরে রাজধানীর বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে সিনিয়র সহকারী জজ ও সমপর্যায়ের বিচারকদের এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শেষে আইনমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, জামায়াতে ইসলামীর গঠনতন্ত্র সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। তাদের নিবন্ধন বাতিল করা নিয়ে মামলা আপিল বিভাগে বিচারাধীন রয়েছে।
এসময় বিচারকদের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত মেনে মামলাজট নিরসনে বিচারকদের ভূমিকা রাখতে হবে।
আইনমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের শীর্ষ নেতাদের বিচার করেছে। তাই জামায়াতের বিচারে সরকারের আন্তরিকতা নেই, এ প্রশ্ন করা দুঃখের।
#বিডি/