হঠাৎ কেন যুক্তরাজ্যে গেলেন জামায়াত আমির?

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। বুধবার (১৭ ডিসেম্বর) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের পথে যাত্রা করেন তিনি।

জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়েছে, যুক্তরাজ্য সরকারের একটি প্রতিনিধিদলের সঙ্গে পূর্বনির্ধারিত বৈঠক ও কর্মসূচিতে অংশ নিতেই ডা. শফিকুর রহমানের এই লন্ডন সফর। দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, ব্রিটিশ সরকারের সঙ্গে বৈঠকের নির্ধারিত কর্মসূচি থাকায় বুধবার সকালে জামায়াত আমির লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়েছেন। 

জামায়াতের পক্ষ থেকে আরও জানানো হয়, লন্ডনে নির্ধারিত কর্মসূচি শেষে ডা. শফিকুর রহমান সৌদি আরবে যাবেন। সেখানে তিনি পবিত্র ওমরাহ পালন করবেন। সবকিছু ঠিক থাকলে আগামী ২১ ডিসেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে বলে দলটি আশা প্রকাশ করেছে।

এদিকে, লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে জামায়াত আমিরের কোনো সাক্ষাৎ হবে কিনা—এমন প্রশ্নের জবাবে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, এ বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই।