আজ শেরপুর যাচ্ছেন জামায়াত আমির

শেরপুরে তুচ্ছ ঘটনায় সংঘর্ষে নিহত জামায়াত নেতা মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত ও তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে আজ রোববার (১ ফেব্রুয়ারি) শেরপুরে যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের পাশাপাশি শেরপুরে একটি জনসভায় অংশ নেবেন তিনি।

শনিবার (৩১ জানুয়ারি) বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের জ্যেষ্ঠ প্রচার সহকারী মুজিবুল আলম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে তিনি জানান, জামায়াত আমির ডা. শফিকুর রহমান রোববার সকাল সাড়ে ১০টায় শহিদ রেজাউল করিমের স্ত্রী-সন্তানদের সঙ্গে সাক্ষাৎ এবং তার কবর জিয়ারত করতে শেরপুরের শ্রীবরদীতে যাবেন। পরে তিনি কয়েকটি নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন।

সফরসূচি অনুযায়ী, শহিদ রেজাউল করিমের পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কবর জিয়ারতের পর রোববার বেলা সাড়ে ১১টায় শেরপুর জেলা শহরে অনুষ্ঠেয় নির্বাচনি জনসভায় অংশ নেবেন জামায়াত আমির। 

এরপর দুপুর সাড়ে ১২টায় জামালপুরে একটি নির্বাচনি জনসভায় বক্তব্য দেবেন। সবশেষে ঢাকায় ফিরে নিজের নির্বাচনি এলাকা ঢাকা-১৫ আসনে বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত জনসংযোগ ও পথসভা করবেন ডা. শফিকুর রহমান।

উল্লেখ্য, গত বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় শেরপুরের ঝিনাইগাতীতে তুচ্ছ ঘটনায় জামায়াত-বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ওই ঘটনায় আহত হলে ময়মনসিংহ মেডিকেলে নেয়ার পথে শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিমের (৪০) মৃত্যু হয়।

এ ঘটনায় বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করা হয়। ওইদিন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার করা হয়েছে। প্রার্থীদের বিরুদ্ধে জুডিশিয়াল ইনকোয়ারি কমিটির প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেবে কমিশন।

অন্যদিকে জামায়াত নেতা মাওলানা রেজাউল করিমের মৃত্যুর ঘটনায় শুক্রবার (৩০ জানুয়ারি) দিবাগত রাতে ঝিনাইগাতী থানায় মামলা দায়ের করা হয়েছে। নিহতের স্ত্রী মোছা. মার্জিয়া (৩৪) বাদী হয়ে মামলাটি করেছেন।

মামলায় ২৩৪ জনের নাম উল্লেখসহ ৭৩৪ জনকে আসামি করা হয়েছে। আলোচিত এই মামলায় বিএনপির বেশ কয়েকজন হেভিওয়েট নেতাসহ বিভিন্ন পর্যায়ের বহু নেতাকর্মীর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানা গেছে।