ধর্মের নাম ব্যবহার করে ভোটারদের বিভ্রান্ত করার অভিযোগ তুলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, 'আমাদের মা-বোনেরা সরল। কোরআন শিক্ষার নাম করে বলা হচ্ছে, দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে। আল্লাহ কোথাও বলেননি, কোনো মার্কায় ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে। আল্লাহর নির্দেশ পালন করলেই বেহেশতে যাওয়া যাবে।' তিনি দাবি করেন, একটি দল এ ধরনের মিথ্যা কথা বলে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে।
রোববার (১ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁও-১ আসনের মোহাম্মদপুর ইউনিয়নের কাজীপাড়া এলাকায় নির্বাচনী গণসংযোগে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, কিছু গোষ্ঠী নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করতে পারে, তবে এবারের নির্বাচন কেউ বন্ধ করতে পারবে না। 'দেশের মানুষ জেগে উঠেছে এবার ভোট আমরা দেবই'- বলেন তিনি।
বিএনপি মহাসচিব আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে ১০ হাজার টাকা পর্যন্ত সুদসহ কৃষিঋণ মাফ করা হবে। পাশাপাশি মায়েদের জন্য ফ্যামিলি কার্ড ও কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে। তিনি দাবি করেন, শিক্ষিত বেকারদের জন্য ১৮ মাসের মধ্যে এক কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।
তিনি বলেন, বিএনপি শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনবে এবং সব ধর্মের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে।