ঢাকা-১১ আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, "রাষ্ট্র কীভাবে চলবে, ক্ষমতার জবাবদিহি কীভাবে নিশ্চিত হবে সেই সিদ্ধান্ত জনগণই নেবে।"
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ঢাকার বাড্ডা এলাকায় নির্বাচনী প্রচারণাকালে তিনি এ কথা বলেন।
এসময় তিনি বলেন, "বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবারের মতো সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই গণভোটের মাধ্যমে সংবিধানে একাধিক গুরুত্বপূর্ণ সংস্কারের প্রস্তাব রাখা হয়েছে, যা রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা ও ঐকমত্যের ভিত্তিতে চূড়ান্ত করা হয়েছে। এসব সংস্কার বাস্তবায়িত হলে দেশে সংসদের উচ্চকক্ষ প্রতিষ্ঠা, ক্ষমতার ভারসাম্য নিশ্চিতকরণ এবং একটি স্বাধীন ও কার্যকর নির্বাচন কমিশন গঠনের পথ সুগম হবে।"
নাহিদ ইসলাম বলেন, "এই নির্বাচন ও এর সঙ্গে অনুষ্ঠিতব্য গণভোটের মাধ্যমেই ঠিক হবে আগামী ২০ থেকে ৩০ বছর বাংলাদেশ কোন পথে এগোবে এবং সংবিধানে কী ধরনের মৌলিক সংস্কার আসবে। এই নির্বাচনের মাধ্যমে গণভোটে জনগণের রায় নিয়ে রাষ্ট্র পরিচালনার দিকনির্দেশনা এবং সংবিধানের কাঠামোগত সংস্কার নির্ধারিত হবে।"
তিনি আরো বলেন,"আমি সরকারকে ভেতর থেকে দেখেছি। কেন বাংলাদেশে দুর্নীতি হয়, কোথায় গলদ সেগুলো আমার জানা। ক্ষমতায় গেলে দুর্নীতির মূলোৎপাটন এবং দখলদারিত্ব ও বৈষম্য দূর করাই আমাদের প্রধান অগ্রাধিকার হবে।"
এনসিপি'র আহ্বায়ক বলেন, "জুলাই গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা জনগণের মধ্যে তৈরি হয়েছিল, তা এখনো পূরণ হয়নি। দীর্ঘমেয়াদি দায়িত্ব পেলে সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করা হবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে কাজ করেছি এবং ভবিষ্যতেও করে যাবো।"