আসন্ন ত্রয়োদশ নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে নড়াইল জনসভায় ভাষণ দিবেন জামায়াত আমির ডা: শফিকুর রহমান। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ২টায় স্থানীয় নেতৃবৃন্দ প্রথমে বক্তব্য রাখবেন। এরপর বিকেল সাড়ে ৩টায় নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে ভাষণ রাখবেন তিনি।
জামায়াত আমিরের ওই নির্বাচনি জনসভায় লক্ষাধিক নেতাকর্মী ও লোক সমাগমের প্রত্যাশা করছেন জেলা জামায়াতের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন জামায়াতের নড়াইল জেলার আমির ও নড়াইল-২ আসনে ১১ দলীয় ঐক্যের এমপি প্রার্থী আতাউর রহমান বাচ্চু।
তিনি বলেন, জামায়াত আমির ডা: শফিকুর রহমানের জনসভা উপলক্ষে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। তার জনসভায় ১২০ টি মাইক সেট করা হয়েছে। আইন-শৃঙ্খলাবাহিনীকে সহযোগিতার জন্য আমাদের ৩০০ স্বেচ্ছাসেবক রাখা হয়েছে। সবমিলিয়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।
তিনি আরো বলেন, ‘আগামিকাল (শুক্রবার) দুপুর ২টায় স্থানীয় নেতৃবৃন্দ প্রথমে বক্তব্য রাখবেন। এরপর বিকেল সাড়ে ৩টায় প্রধান অতিথি হিসেবে জামায়াত আমিরের বক্তব্য রাখার কথা রয়েছে। কেন্দ্রীয় অফিস থেকে আমাদের এমনটি জানানো হয়েছে।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি ও নড়াইল-১ আসনের এমপি প্রার্থী ওবায়দুল্লাহ কায়সার, প্রচার ও মিডিয়া সম্পাদক ড. খান আব্দুস সোবহান।