সাবেক পানিসম্পদ মন্ত্রী ও ঠাকুরগাঁও-১ আসনের ৫ বারের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন মারা গেছেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা ২৯ মিনিটে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তাকে মৃত ঘোষণা করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।
কারাগার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, দিনাজপুর জেলা কারাগারে বন্দি অবস্থায় শনিবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রমেশ চন্দ্র সেন। সকাল ৯টা ১০ মিনিটে তাকে কারাগার থেকে দ্রুত দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গত বছরের ১৬ আগস্ট ঠাকুরগাঁও সদর থানা পুলিশ তাকে আটক করে। পরবর্তীতে আদালতের মাধ্যমে তাকে ১৭ আগস্ট দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়। তিনি হত্যাসহ তিনটি মামলার আসামি হিসেবে কারাগারে বন্দি ছিলেন।
দিনাজপুর জেলা কারাগারের জেলার মো. ফরহাদ সরকার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
রমেশ চন্দ্র সেন ১৯৪০ সালের ৩০ এপ্রিল ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের কশালগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা ক্ষিতীন্দ্র মোহন সেন এবং মা বালাশ্বরী সেন। রংপুর কারমাইকেল কলেজ থেকে উচ্চশিক্ষা গ্রহণ করা এই বর্ষীয়ান নেতা বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী ছিলেন।
তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ঠাকুরগাঁও-১ আসন থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৯ সালে তিনি সরকারের পানিসম্পদ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি আওয়ামী লীগের মনোনয়নে এমপি নির্বাচিত হয়েছিলেন।