জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের ১১ দলীয় জোট মনোনীত শাপলা কলি প্রতিকের প্রার্থী আখতার হোসেনকে মোবাইল ফোনে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এর আগেও একবার হত্যার হুমকি দেওয়া হয়েছিল।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ ঘটনায় কাউনিয়া থানায় সাধারণ ডায়েরি করেন তিনি।
জিডি সূত্রে জানা যায়, শনিবার বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে পীরগাছা উপজেলার ছাওলা ইউনিয়নের কিশামত গ্রামে নির্বাচনি প্রচারণা চালানোর সময় একটি অপরিচিত নম্বর থেকে আখতার হোসেনের মোবাইলে কল আসে। ওই কলে তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও সরাসরি প্রাণনাশের হুমকি দিয়ে সংযোগটি বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এ ঘটনার পর বড় ধরনের ক্ষতির আশঙ্কা প্রকাশ করে ভবিষ্যতের নিরাপত্তার জন্য বিষয়টি থানায় সাধারণ ডায়েরিভুক্ত করেছেন তিনি।
এদিকে শনিবার এক ভিডিও বার্তায় হুমকির বিষয়টি নিশ্চিত করে আখতার হোসেন বলেন, আমরা জীবনের পরোয়া করি না। তাই ভয়ভীতি প্রদর্শন করে তার নির্বাচনি জয়যাত্রা থামিয়ে দেওয়া যাবে না।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খন্দকার মুহিব্বুল ইসলাম জিডির বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, এর আগে আখতার হোসেনকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল।