বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সংস্কার চাইলে ‘হ্যাঁ’ ভোটে সিল দিতে হবে।’
রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে তার নিজ আসন ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নে নির্বাচনী পথসভায় তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘এই রাষ্ট্রটা খারাপ লোকেরা নষ্ট করে ফেলেছে। ‘হ্যাঁ’-‘না’ ভোটের মাধ্যমে এটাই প্রমাণিত হবে কারা দেশের সংস্কার চাই, কারা চাই না। যদিও এখনো গণভোট সম্পর্কে অনেকেই বুঝে না। তবে সংস্কার চাইলে ‘হ্যাঁ’ ভোটে সিল দিতে হবে।’
বিএনপি মহাসচিব বলেন, ‘আপনাদের ভোটের মাধ্যমে আমি ঠাকুরগাঁওয়ের জন্য কিছু কাজ করতে চাই। আমাদের নেতা তারেক রহমান বলেছেন- আমরা নির্বাচিত হলে প্রথমেই ৫০ লাখ ফ্যামিলি কার্ড করে দেয়া হবে। কৃষকদের জন্য কৃষি কার্ড করে দেয়া হবে, যার মাধ্যমে তারা ন্যায্যমূল্যে সার, বীজ ও পানি পাবে।’
তিনি আরো বলেন, ‘আমরা সরকার গঠন করতে পারলে কৃষি ঋণের ১০ হাজার টাকা পর্যন্ত সুদসহ মাফ করে দেয়া হবে। দেড় বছরের মধ্যে ১ কোটি বেকারের চাকরির ব্যবস্থা করা হবে।’
হিন্দু সনাতনীদের উদ্দেশে তিনি বলেন, ‘সংখ্যালঘু বলে কিছু নেই। আমরা সবাই এই দেশের নাগরিক। আপনারা নিজেদের অধিকার নিয়ে নিজেরা দাঁড়ান। বিএনপি অতীতেও আপনাদের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে।’
এ সময় স্থানীয় বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।