ওসমান বিন হাদির নাম কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির স্বার্থে ব্যবহার না করার অনুরোধ জানিয়েছেন তাঁর স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় ঢাকা-১১ আসনে এক নারীর ‘মিথ্যা পরিচয়’ দিয়ে ভোট প্রার্থনার প্রেক্ষাপটে তিনি এই প্রতিবাদ জানান।
সম্প্রতি ঢাকা-১১ আসনে ওসমান হাদির বোন পরিচয় দিয়ে এক নারী এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের পক্ষে ভোট প্রার্থনা করেন। ওই নারীর দাবির সত্যতা নিয়ে প্রশ্ন ওঠায় এবং বিভ্রান্তি সৃষ্টি হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে নিজের অবস্থান পরিষ্কার করেন হাদির স্ত্রী শম্পা।
ফেসবুক পোস্টে শম্পা বলেন, ‘শহীদ ওসমান হাদি তাঁর জীবদ্দশায় কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলেন না। আপনারা সবাই জানতেন সে একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। তাই আশা করবো কোনো দল তাদের নিজ স্বার্থে শহীদ ওসমান হাদির নাম ব্যবহার করবেন না।’
রাজনৈতিক দলগুলোর প্রতি ক্ষোভ প্রকাশ করে তিনি আরও বলেন, ‘আপনারা রাজনৈতিক দলগুলো কে তাঁর পরিবার আর কে নয়—তা যাচাই না করেই শুধু দলের স্বার্থে যে কাউকেই হাদির পরিবার হিসেবে দাঁড় করাচ্ছেন। ওসমান হাদির পরিবার এবং ইনকিলাব মঞ্চ থেকে আমরা সবসময় বলে এসেছি, কোনো দল দেখে নয় বরং যোগ্য প্রার্থী দেখে আপনারা ভোট দেবেন, সে যে দলেরই হোক।’
সবশেষে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে রাবেয়া ইসলাম শম্পা বলেন, ‘সবাই শান্তিপূর্ণ পরিবেশে ১২ তারিখ ভোটকেন্দ্রে গিয়ে দলে দলে আপনার মতে যিনি যোগ্য প্রার্থী, তাঁকে আপনার মূল্যবান ভোটটি দিয়ে আসবেন। আর অবশ্যই ‘হ্যাঁ’ ভোট দিতে ভুল করবেন না।’