বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘জামায়াতের আমির যখন যেটা সুবিধা মনে করছেন সেই পথ দিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য দিন রাত কাজ করছেন। কিন্তু এই কাজের মধ্যে ধরা পড়ছে আসল চরিত্র।’
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকালে কুড়িগ্রাম-২ আসনে জেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী আরো বলেন, ‘জিয়াউর রহমান না থাকলে জামায়াতে ইসলামের জন্ম হতো না। বাংলাদেশের মাটিতে জামায়াত রাজনীতি করতে পারতো না। বেগম খালেদা জিয়া না থাকলে মন্ত্রীত্বের স্বাদ পেতেন না। অথচ আপনাদের কৃতজ্ঞতা বোধ নাই। জামায়াতের আমির সাক্ষাৎকারে বলেছেন, মেয়েরা এমপি হতে পারবে কিন্তু জামায়াতের আমির ও রাষ্ট্রের প্রধান হতে পারবে না। অথচ আপনারা বেগম খালেদা জিয়ার অধীনে মন্ত্রী হয়েছিলেন।’
তিনি আরো বলেন, ‘তারা ক্ষমতায় থাকলে নারী অধিকার থাকবে না। মেয়েরা অফিস আদালত, রাজনৈতিক দল কোথাও ভালো কোনো পদ পাবে না।’
এ সময় কুড়িগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিবসহ কেন্দ্রীয় ও জেলা বিএনপির অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।