এককভাবে সরকার গঠন করবে বিএনপি: ডয়চে ভেলেকে তারেক রহমান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগমুহূর্তে জার্মানিভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম ডয়চে ভেলেকে এক একান্ত সাক্ষাৎকার দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সাক্ষাৎকারে তিনি রাষ্ট্র পরিচালনার পরিকল্পনা, পররাষ্ট্রনীতি এবং সামাজিক নিরাপত্তা নিয়ে তার দলের সুনির্দিষ্ট ভিশন তুলে ধরেন। তিনি স্পষ্ট জানান, নির্বাচনে জয়লাভ করলে বিএনপি এককভাবেই সরকার গঠন করবে। 

তারেক রহমান বলেন, একটি ভারসাম্যপূর্ণ রাষ্ট্রকাঠামো নিশ্চিত করতে শক্তিশালী বিরোধী দল থাকা জরুরি। তিনি মনে করেন, সবাই মিলে সরকার গঠনের চেয়ে এককভাবে সরকার গঠন এবং একটি কার্যকর বিরোধী দল থাকা গণতন্ত্রের জন্য বেশি সহায়ক। 

৫ই আগস্টের গণঅভ্যুত্থানের উদাহরণ টেনে তিনি বলেন, ‘রাজনীতিতে মানুষ যাকে গ্রহণ করবে না, শক্তি প্রয়োগ করে তাকে কেউ টিকিয়ে রাখতে পারবে না।’

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সামাজিক উন্নয়নের ওপর জোর দিয়ে বলেন, বেগম খালেদা জিয়া মেয়েদের দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক করেছিলেন। বিএনপি ক্ষমতায় আসলে এই সুযোগ আরও উচ্চশিক্ষা পর্যন্ত বিস্তৃত করা হবে। এছাড়া প্রান্তিক জনগোষ্ঠীর গৃহিণীদের স্বাবলম্বী করতে রাষ্ট্রীয়ভাবে ‘ফ্যামিলি কার্ড’ চালুর পরিকল্পনার কথা জানান তিনি। একইসাথে প্রতিবন্ধী, তরুণ ও বয়স্কদের জন্য ইশতেহারে বিশেষ কর্মসূচির কথা উল্লেখ করেন।

ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে তারেক রহমান জানান, তার প্রধান অগ্রাধিকার হবে দেশের মানুষের স্বার্থ রক্ষা করা। তিনি বলেন, ‘আমি দেশের মানুষের প্রতিনিধিত্ব করি। যদি এমন কোনো চুক্তি হয় যা বাংলাদেশের স্বার্থের পরিপন্থি, তবে সেই দেশের সঙ্গে স্বাভাবিকভাবেই দূরত্ব তৈরি হবে।’

গত দেড় দশকে সংঘটিত গুম ও খুনের বিচার প্রসঙ্গে তিনি অত্যন্ত কঠোর অবস্থান ব্যক্ত করেন। তিনি প্রতিশ্রুতি দেন যে, প্রতিটি ভুক্তভোগী পরিবার দেশের প্রচলিত আইন অনুযায়ী ন্যায়বিচার পাবে। এছাড়া দলের কিছু প্রার্থীর বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগের জবাবে তিনি বলেন, বিগত সরকারের দমন-পীড়নের কারণে অনেক ব্যবসায়ী নেতাকর্মী ক্ষতিগ্রস্ত হয়েছেন, যা দুর্নীতির সাথে তুলনীয় নয়। তবে দুর্নীতি দমনে বিএনপি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবে বলে তিনি সাফ জানিয়ে দেন।

সাক্ষাৎকারে ১৭ বছরের নির্বাসিত জীবন কাতিয়ে দেশে ফেরা এবং নির্বাচনি ব্যস্ততার মাঝে মা বেগম খালেদা জিয়ার প্রয়াণের শোক সামলে এগিয়ে চলাকে নিজের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন তারেক রহমান।