ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ঐতিহাসিক গণভোটে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টায় পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের জিএমসি ইনস্টিটিউট কেন্দ্রে তিনি ভোট প্রদান করেন।
সকালে কেন্দ্রে পৌঁছে কোনো ধরনের বাড়তি সুবিধা না নিয়ে সাধারণ ভোটারদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেন সাবেক এই প্রতিমন্ত্রী। সালাহউদ্দিন আহমদকে সাধারণ লাইনে দেখে উপস্থিত উৎসুক জনতা ও ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়।
ভোট দেওয়া শেষে তিনি সাংবাদিকদের বলেন, “আমি একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন প্রত্যাশা করছি। ভোটাররা যেন নির্ভয়ে কেন্দ্রে এসে তাদের রায় প্রদান করতে পারেন, সেই পরিবেশ বজায় রাখার আহ্বান জানাই।”
একই আসনের অন্যতম প্রতিদ্বন্দ্বী ও জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক চকরিয়ার নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন। সকালেই তিনি কেন্দ্রে গিয়ে ভোট দেন এবং নির্বাচনের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
কক্সবাজার জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, চকরিয়া ও পেকুয়া উপজেলা নিয়ে গঠিত কক্সবাজার-১ আসনে এবার ব্যাপক প্রস্ততি নেওয়া হয়েছে।
- মোট ভোটকেন্দ্র: ১৭৬টি।
- মোট ভোটার: ৫ লাখ ৩৩ হাজার ৮৯ জন।
- পুরুষ ভোটার: ২ লাখ ৮৪ হাজার ৪৬৯ জন।
- নারী ভোটার: ২ লাখ ৪৮ হাজার ৬২০ জন।
সকাল থেকেই চকরিয়া ও পেকুয়ার কেন্দ্রগুলোতে ভোটারদের সরব উপস্থিতি দেখা গেছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কেন্দ্র ও আশেপাশে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করে রেখেছেন।